মনোজের সঙ্গে অশান্তির পর কিছুদিন আগেই নিজের বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী। অনেকবার অনুরোধ করলেও ফেরেননি। শেষে কোনও উপায় খুঁজে না পেয়ে এলাকারই এক যুবক সুনীল কুমারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

নৃশংসকাণ্ড রাজস্থানে
শেষ আপডেট: 23 July 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো: তন্ত্রসাধনা দিয়ে স্ত্রীর মন ফেরাতে ছয় বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন করল রাজস্থানের বাসিন্দা ! পুলিশের দাবি, এক 'স্বঘোষিত' তান্ত্রিকের (Self-styled 'tantrik) কথায় শিশুটির গলা কেটে রক্ত ব্যবহার করার ছক কষেছিলেন অভিযুক্ত মনোজ কুমার। ইতিমধ্যে দু'জনকেই গ্রেফতার করা হয়েছে (Rajasthan Man killed nephew)।
মনোজের সঙ্গে অশান্তির পর কিছুদিন আগেই নিজের বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী। অনেকবার অনুরোধ করলেও ফেরেননি। শেষে কোনও উপায় খুঁজে না পেয়ে এলাকারই এক যুবক সুনীল কুমারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই যুবক তন্ত্রসাধনা করতেন বলেই জানা গিয়েছে। পুলিশ জানায়, নিজেকে তান্ত্রিক হিসেবে পরিচয় দেওয়া সুনীল জানায়, এক বিশেষ তন্ত্রসাধনার মাধ্যমে স্ত্রীর মন ফেরানো সম্ভব, তবে তার জন্য চাই এক শিশুর রক্ত ও লিভার। এই কাজের বদলে ১২ হাজার টাকাও দাবি করেছিলেন তিনি।
এরপরই নিজের ভাইপোকেই বলি দেওয়ার সিদ্ধান্ত নেন মনোজ। ১৯ জুলাই বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ৬ বছরের লোকেশ। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। খোঁজাখুঁজি শুরু হলে ওইদিন রাতেই এলাকা থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার গোলা কাটা দেহ উদ্ধার হয়। সেইসময় মনোজও তাঁদের সঙ্গে লোকেশকে খোঁজার নাটক করছিলেন। শিশুটির শরীরে সুচ ফোটানোর চিহ্নও পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তন্ত্রসাধনার জন্য শিশুটির রক্ত বার করার চেষ্টা হয়েছিল।
পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। মৃত শিশুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই মনোজের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে তাঁর গতিবিধি দেখে সন্দেহ হলে মনোজকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চাপের মুখে ভাইপোকে খুনের কথা স্বীকার করেন তিনি।
জেরায় মনোজ জানায়, ঘটনার দিন বিকেলে লোকেশকে লজেন্স দেওয়ার নাম করে নিরজন জায়গায় নিয়ে যান তিনি। সেখানে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর সিরিঞ্জ দিয়ে তার দেহ থেকে রক্ত বের করার চেষ্টা করেন। পরে তার গলাও কাটা হয়। ঘটনাস্থল থেকে সিরিঞ্জ উদ্ধার হয়েছে। ফরেনসিক টিম নমুনা সংগ্রহের কাজও করে ফেলেছে। পরিত্যক্ত বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ।
সুনীল কুমারকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে আর কোনও তন্ত্রসাধনার নামে অপরাধের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।