এছাড়াও উৎপাদন শিল্পে দ্রুত বৃদ্ধির ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগামে জিডিপির হার বেড়েছে বলে অনুমান করা হচ্ছে।
শেষ আপডেট: 28 November 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অর্থনীতিতে জোয়ারের জল। চলতি আর্থিক বর্ষের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে দেশের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি (GDP) বৃদ্ধির পরিমাণ ৮.২ শতাংশ। অর্থ বিশেষজ্ঞ ব্লুমবার্গ অনুমান করেছিল ৭.৪ শতাংশ বৃদ্ধি ঘটতে পারে জুলাই-সেপ্টেম্বরে। এবারের বৃদ্ধির বিশেষত্ব হল- গত ৬টি ত্রৈমাসিকে এবারেই সবথেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে জিডিপি।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগামে জিডিপির হার বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও উৎপাদন শিল্পে দ্রুত বৃদ্ধির ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার এই তালিকা প্রকাশের পরেই বোঝা গেল বিশেষজ্ঞদের অনুমানকে অমূলক প্রমাণ করে এই দ্রুত বৃদ্ধি ঘটেছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে এই বৃদ্ধির পরিমাণ ছিল ৫.৬ শতাংশ। এর আগে জিএসটি জমানার পরিবর্তনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে সাধারণ মানুষের হাতে ২ লক্ষ কোটি টাকা আসবে। যদিও ভারতের জিডিপি, জিভিএ-সহ জাতীয় পরিসংখ্যানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)।
সংস্থার বার্ষিক মূল্যায়নে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটাকে ‘C’ গ্রেড দেওয়া হয়েছে (Imf gives c grade to india)। আইএমএফের এসব ব্যাপারে যে গ্রেডেশন পদ্ধতি রয়েছে, তাতে এই গ্রেড হল চারটি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। অর্থাৎ, এই তথ্যগুলিতে এমন কিছু মৌলিক দুর্বলতা রয়েছে, যা আন্তর্জাতিক সংস্থার নজরদারির জন্য যথেষ্ট নয়। চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৫-২৬ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি তথ্য আজ শুক্রবার প্রকাশ হওয়ার ঠিক আগেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এই মূল্যায়ন নয়াদিল্লিকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে।