বুধবার বিকেলে হংকংয়ের আবাসিক বহুতলে বিধ্বংসী আগুন লাগে। প্রায় গোটা একদিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

হংকংয়ের দুর্নীতি দমন বিভাগ একটি তদন্ত শুরু করেছে।
শেষ আপডেট: 28 November 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: হংকংয়ের বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০। আরও ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। শুক্রবার সরকার জানিয়েছে, এ পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ ও নিখোঁজদের হদিশের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এদিন সাংবাদিকদের সামনে হংকং সরকারের প্রতিনিধি জানান, আগুনে জখম হওয়া ৭৯ জনের চিকিৎসা চলছে।
বুধবার বিকেলে হংকংয়ের আবাসিক বহুতলে বিধ্বংসী আগুন লাগে। প্রায় গোটা একদিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ১০০০ দমকলকর্মী লাগাতার চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুদিন ধরে ধোঁয়া বেরচ্ছে। নিরাপত্তা বিভাগীয় প্রধান মিডিয়াকে জানান, নিখোঁজ ২০০ জনের সন্ধান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
হংকংয়ের দুর্নীতি দমন বিভাগ একটি তদন্ত শুরু করেছে। বাড়িটি সংস্কারের সময় একটি দুর্নীতি হয়েছে সন্দেহ সরকারের। এ পর্যন্ত এই সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গণহত্যার একটি মামলা দায়ের করে বাড়িটির ইঞ্জিনিয়ারিং পরামর্শদাতা ও ডিরেক্টরদের গ্রেফতার করা হয়।
আবাসনের কমিউনিটি সেন্টারের বাইরে এদিনও পরিবারের সদস্যরা তাঁদের নিখোঁজ পরিজনদের ছবি নিয়ে বসে আছেন। একেকটি দেহ উদ্ধার হলেই পুলিশ তাঁদের দেখিয়ে নিচ্ছে। বাবার খোঁজে ঠায় বসে রয়েছেন মিরা ওয়ং নামে এক মহিলা। তাঁদের কারওরই আর বেঁচে থাকার আশা নেই জেনেও তাঁরা দেহ পাওয়ার কারণে বসে রয়েছেন।
এই আবাসনে বসত ছিল বহু ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার গার্হস্থ্য পরিচারক-পরিচারিকার। ফিলিপিন্সের অন্তত ১৯ জন নিখোঁজ এবং ইন্দোনেশিয়ার ২ জন মারা গিয়েছেন। শয়ে শয়ে আবাসিক স্থানীয় একটি মলে মেঝেতে রাত কাটাচ্ছেন।
আগুন লাগার ঘটনায় বহু-মৃত্যুর কারণে ডিজনি কর্তৃপক্ষ হংকং শহরে তাদের জুটোপিয়ার প্রিমিয়ার শো বন্ধ ঘোষণা করেছে। একটি ইনস্টাগ্রাম পোস্টে ডিজনি লিখেছে, এরকম মর্মন্তুদ ঘটনার জন্য তারা সিনেমার প্রিমিয়ার শো স্থগিত রাখছে।