চিন্তার কিছু নেই, এখন ফোন বা এসএমএসের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে গ্যাস রিফিল বুক করা সম্ভব, এমনটাই জানাচ্ছে এইচপি, ইন্ডেন-এর মতো তেল সংস্থাগুলি।

ঘরে বসেই গ্যাস বুকিং করবেন কীভাবে?
শেষ আপডেট: 18 March 2026 19:46
দ্য ওয়াল ব্যুরো: ২১ দিনের বদলে ২৫ দিনের ব্যবধান - এই পরিবর্তনের পর থেকেই একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মানুষের মনে, 'গ্যাস মিলবে তো?' জোগান নিয়ে উদ্বেগ বাড়ছে, অনেক জায়গায় গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। সব মিলিয়ে আতঙ্কের পরিস্থিতি। তবে চিন্তার কিছু নেই, এখন ফোন বা এসএমএসের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে গ্যাস রিফিল বুক করা সম্ভব, এমনটাই জানাচ্ছে এইচপি (HP), ইন্ডেন (Indane)-এর মতো তেল সংস্থাগুলি (Gas booking at home)।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সংস্থাগুলি একাধিক ডিজিটাল এবং ফোনভিত্তিক পরিষেবা চালু করেছে, যাতে ডিলারশিপে গিয়ে বুকিং করার ঝামেলা কমে, বাড়িতে বসেই সমস্যার সমাধান সম্ভব (how to book gas at home)।
ইন্ডেন (Indane) গ্যাসের তরফে জানানো হয়েছে, গ্রাহকরা ‘মিসড কল বুকিং’ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই সিলিন্ডার বুক করতে পারবেন। নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে ৮৯২৭২২৫৬৬৭ নম্বরে একটি মিসড কল দিলেই বুকিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি আইভিআরএস (IVRS) ব্যবস্থাও চালু রয়েছে। সেই ক্ষেত্রে ৮৩৯১৯৯০০৭০ নম্বরে ফোন করে নির্দেশ মেনে সিলিন্ডার বুক করা যাবে। এই পরিষেবা ২৪ ঘণ্টাই উপলব্ধ বলে জানানো হয়েছে।

ইন্ডেন গ্যাস বুকিং
অন্যদিকে, এইচপি গ্যাস (HP Gas)-এর বুকিং ব্যবস্থা বলছে, এখানে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে বুকিং করার সুবিধাও রয়েছে। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে BOOK লিখে ৮৮৮৮৮২৩৪৫৬ অথবা ৯৪৯৩৬০২২২২ নম্বরে পাঠালেই গ্যাস রিফিলের আবেদন নথিভুক্ত হবে। এই পদ্ধতিকে দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য বলে তুলে ধরা হয়েছে।

এইচপি গ্যাস বুকিং
সব মিলিয়ে দেখা যাচ্ছে, এখন এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য আর লাইনে দাঁড়ানো বা ডিলারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। মোবাইল ফোনের মাধ্যমে কয়েকটি সহজ ধাপেই বুকিং করা সম্ভব হচ্ছে, যা গ্রাহকদের সময় বাঁচানোর পাশাপাশি পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলছে।
প্রসঙ্গত, দেশজুড়েই সিলিন্ডার তুলতে লম্বা লাইন এবং সেখানে গ্রাহকদের ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনাও সামনে এসেছে। জেলাগুলিতেও রান্নার গ্যাসের ঘাটতির অভিযোগ উঠছে। তেল সংস্থাগুলির বারবার এই প্রচারের ফলে মানুষের মধ্যে আতঙ্ক বা হুড়োহুড়ি কমাতে কিছুটা হলেও সাহায্য করবে বলে মনে করছেন গ্রাহকদের একাংশ।