স্বস্তির পাশাপাশি রয়েছে কড়াকড়িও। তামাকজাত দ্রব্য, অ্যালকোহল, বিলাসবহুল গাড়ি ও কিছু উচ্চমূল্যের পণ্য পড়বে ৪০% করের আওতায়।

জিএসটি বাম্পার।
শেষ আপডেট: 21 August 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে সাধারণ উপভোক্তাদের জন্য বড় সুখবর। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স তথা পণ্য পরিষেবা কর (GST) ব্যবস্থায় আমূল বদল আনতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার পণ্য পরিষেবার কর নিয়ে রাজ্যের মন্ত্রীদের বিশেষ কমিটির (GoM) বৈঠক ছিল। মন্ত্রিগোষ্ঠীর ওই বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে জিএসটি-র ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে শুধু দু’টি স্ল্যাব—৫% ও ১৮%রাখা হোক। ফলে বহু প্রয়োজনীয় জিনিসের দাম কমলেও কিছু বিলাসপণ্যের উপর করের বোঝা বাড়বে।
নতুন কাঠামোয় আগের ১২% স্ল্যাবের ৯৯% জিনিস নেমে আসবে ৫% হারে।
ওষুধ, প্রসেসড খাবার, পোশাক, জুতো, গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এখন থেকে ৫% জিএসটি স্ল্যাবে যাবে।
টিভি, বড় গৃহস্থালী যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স আগে যেখানে ২৮% কর দিতে হতো, এখন সেগুলি পড়বে ১৮% স্ল্যাবে। এতে মধ্যবিত্ত পরিবারগুলির খরচ কমবে বলেই আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “নতুন স্ল্যাব সাধারণ মানুষ, কৃষক, মধ্যবিত্ত ও এমএসএমই–দের বড় স্বস্তি দেবে। একই সঙ্গে এটি হবে সরল ও স্বচ্ছ করব্যবস্থা।”
যদিও স্বস্তির পাশাপাশি রয়েছে কড়াকড়িও। তামাকজাত দ্রব্য, অ্যালকোহল, বিলাসবহুল গাড়ি ও কিছু উচ্চমূল্যের পণ্য পড়বে ৪০% করের আওতায়। পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অতিবিলাসবহুল গাড়ির ক্ষেত্রে কর আরও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, কেরল ও পশ্চিমবঙ্গের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাঁদের সুপারিশ এখন যাবে জিএসটি কাউন্সিলের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে এই সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। সেই সঙ্গে তাঁর এও ইঙ্গিত ছিল এটাই হতে চলেছে এবারের দিওয়ালি উপহার। কাউন্সিল অনুমোদন দিলে এটি হবে জিএসটির ইতিহাসে সবচেয়ে বড় রূপান্তর—‘জিএসটি ২.০’।