সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রচলিত ১২ শতাংশ ও ২৮ শতাংশ করের স্ল্যাব তুলে দিয়ে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ স্ল্যাব রাখার প্রস্তাব করা হয়েছে।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 15 August 2025 22:15
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার পণ্য ও পরিষেবা করের (GST) কাঠামোতে বড়সড় সংস্কারের পথে এগোচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রচলিত ১২ শতাংশ ও ২৮ শতাংশ করের স্ল্যাব তুলে দিয়ে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ স্ল্যাব রাখার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বিলাসবহুল পণ্য ও সিগারেট বা পান মশলার জন্য নতুন ৪০ শতাংশ করের স্ল্যাব চালু করার পরিকল্পনাও রয়েছে।
এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন— “এই দীপাবলি হবে ডাবল দীপাবলি”— এবং সেটিই বাস্তবায়নের পথে সরকার। প্রস্তাব অনুযায়ী, ২৮ শতাংশ করের আওতায় থাকা প্রায় ৯০ শতাংশ পণ্যের করহার কমিয়ে ১৮ শতাংশে আনা হবে। অন্যদিকে, ১২ শতাংশ স্ল্যাবের পণ্য সরিয়ে আনা হবে ৫ শতাংশ স্ল্যাবে।
তবে তামাক, পান মশলা-সহ সাতটি পণ্য যাবে নতুন ৪০ শতাংশ করের আওতায়। এগুলিকে ‘সিন গুডস’ (Sin Goods) হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে, হীরা ও মূল্যবান রত্নের মতো রপ্তানিনির্ভর ও শ্রমনির্ভর পণ্যের করহার অপরিবর্তিত থাকবে। পেট্রোলিয়াম পণ্যও নতুন জিএসটি কাঠামোর বাইরে থাকবে।
সরকারি সূত্রের দাবি, এই কর কাঠামোর পুনর্বিন্যাসে রাজস্ব সংগ্রহে সামান্য প্রভাব পড়লেও কৃষি, বস্ত্রশিল্প, সার, নবায়নযোগ্য শক্তি, গাড়ি, হস্তশিল্প, স্বাস্থ্য, বীমা, নির্মাণ, পরিবহণ ইত্যাদি ক্ষেত্র উল্লেখযোগ্য সুবিধা পাবে।
এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই সংস্কারের খসড়া প্রস্তাব মন্ত্রিসভা গোষ্ঠীর (GoM) কাছে পাঠানো হয়েছে, যাতে গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়।