১ নভেম্বর ২০২৫ থেকে ব্যাঙ্কিং, আধার, পেনশন ও জিএসটি ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। কারা সুবিধা পাবেন, কারা পাবেন না, দেখে নিন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 October 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শুরুতেই ব্যাঙ্কের নিয়মে বড় বদল। আগামী শনিবার অর্থাৎ ১ নভেম্বর, ২০২৫ থেকে ব্যাঙ্কিং, আধার, পেনশন এবং জিএসটি ব্যবস্থায় কার্যকর হতে চলেছে একাধিক নতুন সিস্টেম। এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ মানুষের ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি সুবিধা পাওয়া, এমনকি কর জমা দেওয়ার ক্ষেত্রেও।
১ নভেম্বর থেকে ব্যাঙ্ক গ্রাহকেরা একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টডির জন্য সর্বোচ্চ চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তি (nominee) রাখতে পারবেন। এতদিন যেখানে একজন বা দু’জনের নাম দেওয়া যেত, এবার সেই সংখ্যা বাড়িয়ে চারজন করা হচ্ছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের জন্য টাকা বা সম্পত্তি তোলার প্রক্রিয়া হবে অনেক সহজ।
মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। যাতে ভবিষ্যতে কোনও আইনি জটিলতা বা পরিবারে বিবাদ না হয়।
একই সঙ্গে ক্রেডিট কার্ড ও পেমেন্ট চার্জেও আসছে পরিবর্তন। শিক্ষা-সংক্রান্ত পেমেন্ট বা ১,০০০ টাকার বেশি ওয়ালেট টপ-আপের ক্ষেত্রে দিতে হবে ১% সার্ভিস ফি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নিজ নিজ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নতুন ফি কাঠামো জেনে নেওয়ার জন্য।
আধার আপডেটের নতুন সুবিধা
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল, এই প্রক্রিয়ায় আর কোনও প্রমাণপত্র (document) আপলোড করতে হবে না।
তবে বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ বা চোখের স্ক্যান আপডেট করতে হলে আধার সেন্টারে যেতেই হবে।
নতুন ফি নির্ধারিত হয়েছে—
নন-বায়োমেট্রিক আপডেটের জন্য ৭৫ টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকা।
পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস
নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে অত্যন্ত জরুরি সময়। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই জমা দিতে হবে তাঁদের লাইফ সার্টিফিকেট (Life Certificate)। না দিলে বন্ধ হতে পারে পেনশন পাওয়া।
একই সঙ্গে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)-এ পরিবর্তনের শেষ তারিখও বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। ফলে যাঁরা এখনও রূপান্তর করেননি, তাঁদের হাতে রইল আরও এক মাস সময়।
GST ব্যবস্থায় বড় পরিবর্তন
নভেম্বরের শুরুতেই বদলে যাবে দেশের জিএসটি কাঠামো। নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।
এছাড়া ভারত এখন থেকে মূলত দুটি কর স্ল্যাবে স্থানান্তরিত হবে—৫% ও ১৮%। লাক্সারি ও সিন (sin) পণ্যের ক্ষেত্রে করের হার থাকবে ৪০%।
সরকারের দাবি, এই পরিবর্তনের লক্ষ্য হল কর ব্যবস্থা আরও স্বচ্ছ, সহজ ও ব্যবসাবান্ধব করা। এতে ছোট ও মাঝারি ব্যবসার উপর থেকে করের চাপ কিছুটা কমবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে বলে আশা কেন্দ্রের।