ব্লিঙ্কিটের নিজস্ব প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচিতে জরুরি মুহূর্তে শুধু চিকিৎসা নয়, সহানুভূতিশীল পরিষেবাও মিলবে।

এআই দিয়ে বানানো ছবি
শেষ আপডেট: 25 July 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: দ্রুত পরিষেবা দেওয়ার জন্য পরিচিত ব্লিঙ্কিট ( Blinkit ) এবার গুরুগ্রামে তাদের ১০ মিনিটে অ্যাম্বুলেন্স (Blinkit Ambulance service) পৌঁছনোর উদ্যোগে আরও জোর দিল। জানুয়ারিতে মাত্র ৫টি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হওয়া এই পরিষেবা এখন ১২টি অ্যাম্বুলেন্সে পৌঁছেছে। একই সঙ্গে ব্লিঙ্কিট একটি নিজস্ব প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে, যাতে জরুরি মুহূর্তে শুধু চিকিৎসা নয়, সহানুভূতিশীল পরিষেবাও মিলতে পারে।
Blinkit-এর মূল সংস্থা Eternal-এর সিইও দীপিন্দর গোয়েল লিঙ্কডইনে জানান, “আমরা দেখেছি যে দক্ষ ও সংবেদনশীল প্যারামেডিক পাওয়া কতটা কঠিন। তাই আমরা নিজেরাই একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছি, যাতে দেশের জরুরি চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত হয়।”
Blinkit-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত মোট ৫৯৪টি কল এসেছে, যার মধ্যে ৫০ শতাংশ ছিল সংকটজনক। ১২টি অ্যাম্বুলেন্স এবং ৬টি ডিপো দিয়ে Blinkit ৮৩ শতাংশ ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে রোগীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী—
২৯৪টি কল ছিল নির্ধারিত স্থানান্তরের জন্য
২২৫টি ছিল বড়সড় মেডিক্যাল ইমার্জেন্সির কারণে
৭৫টি কল এসেছিল রোড অ্যাক্সিডেন্ট ও আঘাত সংক্রান্ত
Blinkit-এর প্রতিটি অ্যাম্বুলেন্সে থাকছে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং প্রশিক্ষিত চালক। এছাড়াও আছে স্ট্রেচার, হুইলচেয়ার, জরুরি ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার।
Blinkit-এর সিইও আলবিন্দর ধিন্ডসা পরিষেবা চালুর সময় বলেছিলেন, “এই পরিষেবা থেকে মুনাফা অর্জন আমাদের লক্ষ্য নয়। আমরা সুলভে পরিষেবা দেব এবং দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানের জন্য বিনিয়োগ করব। আগামী দু’বছরে দেশের বড় শহরগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য আমাদের।”
Blinkit-এর এই উদ্যোগ দেশের জরুরি চিকিৎসা পরিকাঠামোয় এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।