৪৮ ঘণ্টায় সোনা সস্তা ১৬ হাজার, রুপো কমল ৮৩ হাজার টাকা। এবার কি বাজেটে আরও স্বস্তি পাবে মধ্যবিত্ত?

ছবি: এআই
শেষ আপডেট: 1 February 2026 10:39
দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন রকেটের গতিতে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম (Gold Price)। রুপো (Silver Price) তো গত কয়েক সপ্তাহ ধরে কার্যত উল্কার মতো ছুটছিল। কিন্তু আচমকাই সেই দৌড়ে ছেদ। গত ৪৮ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে কমেছে দুই মূল্যবান ধাতুরই দাম। দু’দিনের ব্যবধানে সোনা সস্তা হয়েছে প্রায় ১৬ হাজার টাকা, আর রুপোর দর কমেছে প্রায় ৮৩ হাজার টাকা।
স্বর্ণ ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক এই দরপতন আপাতত কিছুটা স্বস্তি দিলেও ভবিষ্যতে ফের দাম বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের চোখ এখন কেন্দ্রীয় বাজেটের দিকে। রবিবার সংসদে পেশ হওয়া বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনার উপর আমদানি শুল্ক কমান কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রেতা ও বিক্রেতা—দু’পক্ষই।
কলকাতায় এখনও পর্যন্ত সোনার সর্বোচ্চ দর উঠেছিল গত ২৯ জানুয়ারি। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সেদিন ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৪৫০ টাকা। কিন্তু শনিবার সেই দাম নেমে এসেছে ১ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকায়। অর্থাৎ মাত্র দু’দিনে প্রায় ১৬ হাজার টাকা কমেছে হলুদ ধাতুর দর।
তবে সবচেয়ে বেশি চমক দিয়েছে রুপোর বাজার। ২৯ জানুয়ারি কলকাতায় এক কিলো খুচরো রুপোর দাম পৌঁছেছিল ৩ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকায়। গত দু’দিনের ধাক্কায় শনিবার তা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ ৪৮ ঘণ্টায় রুপোর দর কমেছে প্রায় ৮৩ হাজার টাকা।
বিশেষজ্ঞদের মতে, এই দরপতনের নেপথ্যে একাধিক আন্তর্জাতিক কারণ রয়েছে। ফেডারেল ব্যাংক সংক্রান্ত বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, মার্কিন ডলারের তুলনায় টাকার দরপতন এবং বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক অস্থিরতাই মূলত সোনা-রুপোর বাজারে এই ওঠানামার জন্য দায়ী। স্বর্ণ ব্যবসায়ী মহলের আশঙ্কা, এই অস্থিরতা কাটেনি বলেই অদূর ভবিষ্যতে ফের দাম ঊর্ধ্বমুখী হতে পারে।
এই পরিস্থিতিতে দামের লাগাম টানার একমাত্র উপায় হিসেবে বাজেটকেই (Union Budget 2026) দেখছেন ব্যবসায়ীরা। গত বছর বাজেট পেশের সময় সোনার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছিল। তার সরাসরি প্রভাব পড়ে বাজারে—সোনার দাম তখন অনেকটাই নেমে এসেছিল। সেই নজির টেনেই এবার আরও বড় পদক্ষেপের দাবি উঠেছে।