কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2026) ‘ফেসলেস, বেসলেস, ভিশনলেস’ বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বাংলার (West Bengal) জন্য বরাদ্দ না থাকা, চাকরি ও কৃষি নিয়ে দিশাহীনতার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ।

বাংলা বঞ্চিত, বাজেট নিয়ে বললেন অভিষেক।
শেষ আপডেট: 1 February 2026 14:43
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট ২০২৬ (Union Budget 2026) পেশ হয়েছে সদ্য। তার পরেই প্রত্যাশিত ভাবেই মাঠে নেমেছে বিরোধী দল (Opposition)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই এই বাজেটকে (Budget 2026) ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলেছেন। এবার সেই বাজেটের (Budget News) বিরুদ্ধেই তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের বাজেটকে তিনি কটাক্ষ করে আখ্যা দেন, ‘ফেসলেস, বেসলেস এবং ভিশনলেস’। তাঁর দাবি, এই বাজেট আসলে সরকারের নিজের ঢাক পেটানো এক আত্মপ্রচারমূলক রিপোর্ট, যা সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়।
অভিষেকের অভিযোগ, প্রায় ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একবারও বাংলার নাম নেননি। তাঁর কথায়, “এই বাজেটে বাংলার জন্য কিছুই নেই।” উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন নিমহ্যান্স সংক্রান্ত ঘোষণার কথা। বেঙ্গালুরুতে আগে থেকেই একটি প্রতিষ্ঠান রয়েছে, নতুন করে ঝাড়খণ্ড ও অসমে আরও দুটি তৈরি হবে। কিন্তু বাংলায় কিছুই নেই। ফলে বাংলার মানুষকে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে বাধ্য হতে হবে—একে তিনি “বাংলার মানুষের প্রতি চরম অবহেলা এবং হয়রানি” বলেই ব্যাখ্যা করেন।
গতকালই দিল্লি গিয়েছেন অভিষেক। তার আগেই এসআইআর ইস্যু-সহ একাধিক বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিযোগ তোলেন, রাজনৈতিক ভাবে পেরে না উঠে এসআইআরের নামে বাংলার ১০ কোটি মানুষকে হয়রানি করা হচ্ছে।
এরপরে আজ বাজেট পরবর্তী সময়ে তাঁর আরও অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাংলার প্রায় ১০ কোটি মানুষকে কার্যত ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার চেষ্টা চলছে। অথচ এই বাজেটে বাংলার শ্রমিক, কৃষক, মৎস্যজীবী বা যুবসমাজ— কারও জন্যই কোনও স্পষ্ট দিশা নেই বলে তাঁর দাবি। যুবকদের কর্মসংস্থান নিয়ে নেই কোনও নির্দিষ্ট রোডম্যাপ, কৃষকদের আয়-নিরাপত্তা বা ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়েও বাজেট সম্পূর্ণ নীরব।
অভিষেক বলেন, সরকার একদিকে ‘স্কিল ইন্ডিয়া’, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির কথা বলছে, কিন্তু বাস্তবে নতুন করে কতটা চাকরি তৈরি হবে, তার কোনও স্পষ্ট পরিকল্পনা নেই। তাঁর দাবি, ডানকুনি করিডরের প্রতিশ্রুতিও আগেই দেওয়া হয়েছিল, এ বারও সেই কথাই শুধু ঘুরিয়ে বলা হয়েছে, নতুন কিছু নেই।
জল জীবন মিশনের ক্ষেত্রেও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন অভিষেক। তাঁর দাবি, আগে ঘোষিত ২,৫০০ কোটি টাকা বরাদ্দ এখনও বাংলাকে পুরোপুরি দেওয়া হয়নি। ২০২১ সালের পর থেকে বাংলার মানুষের উপর বিজেপির “নির্যাতন”-এর কথাও তুলে ধরেন অভিষেক। তাঁর বক্তব্য, বিজেপি জানে তারা বাংলায় রাজনৈতিকভাবে হারবে—আর সেই কারণেই ইচ্ছাকৃতভাবে রাজ্যের জন্য তহবিল বরাদ্দ করা হয়নি।
সব মিলিয়ে, বাজেট ২০২৬ ঘিরে কেন্দ্র–রাজ্য টানাপড়েন আরও তীব্র হল। বাংলার স্বার্থ উপেক্ষার অভিযোগকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপও যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।