বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 August 2025 08:56
দ্য ওয়াল ব্যুরো: শনিবার জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
এক বার্তায় তিনি বলেন, 'সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।'
বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ এবং মহানগর পুজো কমিটির উদ্যেগে শনিবার সকাল থেকে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন। সকাল আটটায় শুরু হয় গীতাপাঠ। দেশবাসীর মঙ্গল কামনা করে চলছে যজ্ঞ। ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, যশোর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লার মতো বড় শহর-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জন্মাষ্টমী উপলক্ষে উৎসব-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শতাধিক শোভাযাত্রার আয়েজন করা হবে।
বিকাল তিনটায় ঢাকার পলাশীর মোড় থেকে শুরু হবে কেন্দ্রীয় শোভাযাত্রা। সেটির উদ্ধোধন করবেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি সস্ত্রীক উপস্থিত থাকবেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মহম্মদ মঈন খানেরও শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা।
বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, প্রধান উপদেষ্টা ইউনুস তাঁর বার্তায় আরও বলেছেন, আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তাঁর কথায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ আমরা সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।