
শেষ আপডেট: 16 December 2024 10:33
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের আজ মুক্তির ৫৪তম বিজয় দিবস। ভারতীয় সেনাবাহিনীও ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে পাক সেনার বিরুদ্ধে বিজয়ের ৫৪তম বার্ষিকী পালন করছে। ভারতীয় সেনা বাহিনীর মূল অনুষ্ঠানটি হবে কলকতার ফোর্ট উইলিয়াম এবং ময়দানে বিজয় স্মারক প্রাঙ্গনে।
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতীর উদ্দেশে প্রেরিত বার্তায় বলেছেন, বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার।’
লক্ষণীয় হল ইউনুসের ভাষণে মুক্তিযুদ্ধে ভারতের সেনা বাহিনী এবং জনগণের অবদানের উল্লেখ নেই। উল্লেখ নেই চূড়ান্ত বিজয় হাসিল করার আগে ১৯৭১-এর ৬ ডিসেম্বর ভারত সরকারের বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা। মুক্তিযুদ্ধে নিহত ৩৮৮৪জন ভারতীয় সেনার স্মৃতির প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেননি বাংলাদেশের বর্তমান প্রধান শাসক।
জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলিত মুক্তিযুদ্ধের মূল কারিগর শেখ মুজিবর রহমান এবং সে দেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মহম্মদ মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্মরণ করা হয়। ইউনুসের ভাষণে তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেননি। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহিদ হন, কয়েক হাজার নারীর সম্ভ্রম হারান। বিজয় দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা শেখ মুজিব, জাতীয় চার নেতার পাশাপাশি সংখ্যা উল্লেখ করে সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান। ইউনুস এবার ভিন্ন পথে হাটলেন।
পরে সোমবার সকালে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের নামও উচ্চারণ করেনি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেই স্বাধীন হয় বাংলাদেশ।