বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজার ভাঙচুর করা হয়েছে। শতাধিক বছরের পুরনো মাজারটির বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভেতরে মল-মূত্র নিক্ষেপ করে উগ্র জনতা। তারা নিজেদের ইসলামিক বিপ্লবী তথা তৌহিদি জনতা বলে দাবি করে।

শেষ আপডেট: 27 December 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজার ভাঙচুর করা হয়েছে। শতাধিক বছরের পুরনো মাজারটির বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভেতরে মল-মূত্র নিক্ষেপ করে উগ্র জনতা। তারা নিজেদের ইসলামিক বিপ্লবী তথা তৌহিদি জনতা বলে দাবি করে।
সপ্তাহখানেক আগে ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে পুড়িয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তৌহিদি জনতা। সেই ঘটনার জের কাটার আগেই উন্মত্ত জনতা হামলা চালালো মাজারে। পুলিশ জানিয়েছে ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজারে একদল দুর্বৃত্ত এই হামলা চালায় শুক্রবার ভোরে।
সকালে স্থানীয় মানুষ মাজারে প্রার্থনা করতে গিয়ে দেখতে পান সেটির পাঁচিল মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মাজারের সর্বত্র মলমত্র ভর্তি প্লাস্টিকের প্যাকেট ছড়িয়ে রাখা আছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।
মাজারের খাদেম মহম্মদ সাইদুর রহমান (৭০) জানান, তিনি গত ৪০ বছর ধরে এই মাজারের দেখাশোনা করছেন। শতাধিক বছরের পুরনো মাজারটির উপর এমন নৃশংস হামলার নজির নেই।
যদিও গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। শুরুতে মন্দির গির্জা এবং বৌদ্ধ বিহারের উপর আক্রমণ হলেও পরবর্তী সময়ে মসজিদ মাজালও রক্ষা পায়নি। শতাধিক মসজিদ মাজারের ওপর বিগত ১৬-১৭ মাসে হামলা হয়েছে। ময়মনসিংয়ের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল মিয়া জানান, দুর্বৃত্তরা মল, মূত্র নিক্ষেপ করে মাজারের পবিত্রতা নষ্ট করেছে।