দীর্ঘদিন কট্টর ইসলামপন্থী দল জামাতের ছাত্র সংগঠনগুলিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এগিয়ে রেখেছিল আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী দরকার ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 8 January 2026 10:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দখল করল জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন (Jamat Islam Students Union) ইসলামিক ছাত্র শিবির। এর আগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের একাধিক বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দখল করেছে জামাতে ছাত্র শিবির (Jamat Students Union)। এবার তারা জয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশের ঢাকায় অবস্থিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি উন্নতমানের গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত। ঢাকার জমিদার কিশোরীলাল রায়চৌধুরী তাঁর বাবা জগন্নাথ রায়চৌধুরীর নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়।
ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) এই শিক্ষার্থী সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
প্রসঙ্গত, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি হন পদাধিকার বলে উপাচার্যরা। নির্বাচিত ছাত্রদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল সহ-সভাপতি বা ভাইস প্রেসিডেন্ট (ভিপি)। বাংলাদেশের রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের ভিপি পদে থাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন কট্টর ইসলামপন্থী দল জামাতের ছাত্র সংগঠনগুলিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এগিয়ে রেখেছিল আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী দরকার ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
আওয়ামী লিগের ছাত্র সংগঠনের অনুপস্থিতিতে জামাতের ছাত্র শিবিরের একের পর এক বিশ্ববিদ্যালয়ে বিপুল জয়ে ছাত্র সংসদ দখল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রীতিমত তোলপাড় চলছে। স্বাধীনতার পর কখনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জামাতের ছাত্র শিবিরের এমন দাপট দেখা যায়নি। বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদলের অভিযোগ আওয়ামী লিগের সংগঠন ছাত্র লিগ তাদের ভোট জামাতের ছাত্র সংগঠনকে দিচ্ছে।
অন্যদিকে ছাত্র লিগের বক্তব্য, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের সমর্থক ছাত্রছাত্রীরা যেতে পারছে না। তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। এমনকী মার্কশিট সহ পুরনো নথিপত্র বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়া নীতি আদর্শগতভাবেও ছাত্র লিগ কোন অবস্থাতেই জামাতে ছাত্রশিবিরকে সমর্থন করতে পারে না। ছাত্র লিগের বক্তব্য, তারা এতদিন ছাত্রশিবির'কে ঠেকিয়ে রেখেছিল। তাদের অনুপস্থিতিতে বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল জামাতের ছাত্রশিবিরের কাছে আত্মসমর্পণ করেছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে উগ্র ইসলামপন্থী সংগঠন জামাতের ছাত্র সংগঠনের এমন প্রভাব কীসের ইঙ্গিত? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।।
বাকি বিশ্ববিদ্যালয়গুলির মতন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবিরের পর্যুদস্ত হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে। বুধবার রাত একটায় জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।