ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকারস বাংলাদেশ ফাউন্ডেশন-এর সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 October 2025 08:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে দুর্গা পুজোর আগে পরে মিলিয়ে ১৩টি জেলায় ৪৯টি মণ্ডপে হামলা হয়েছে। জেনিভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায়ের ওপর বাংলাদেশ সেনার নিপীড়ন নির্যাতনের ঘটনাও কাউন্সিলের কার্যবিবরণীতে নথিভূক্ত হয়েছে। কাউন্সিলের তরফে অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিয়োজিত সংস্থাগুলি একে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এদিকে, ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস মেকারস বাংলাদেশ ফাউন্ডেশন-এর সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তিনি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করে উদ্বেগ প্রকাশ করেন।
রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের প্রধান ররি মুনগোভেনের সঙ্গে বৈঠকে অ্যাডভোকেট শাহানুর বাংলাদেশে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক দমন-পীড়ন, রাষ্ট্রীয় মদতে চলমান সহিংসতা এবং নাগরিক স্বাধীনতা হরণের তথ্য তুলে ধরেন।
এছাড়া সাংবাদিকদের কণ্ঠরোধ এবং আওয়ামী লিগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের বিষয়ও তিনি উত্থাপন করেন। সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল দম্পতি এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অ্যাডভোকেট শাহানুর।
জবাবে মুনগোভেন জানান, জাতিসংঘ সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারকে কারিগরি সহায়তা দিচ্ছে। সেই সঙ্গে তিনি স্বীকার করেন, সাজানো মামলা ও মানবাধিকার লঙ্ঘনের ধারা অব্যাহত রয়েছে। তিনি আশ্বস্ত করেন যে উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (আরআরএজিএ)-এর পরিচালক সুহাস চাকমা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বাংলাদেশ অফিসকে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের গুইমারায় আদিবাসী কিশোরীকে গণ ধর্ষণ, প্রতিবাদকারী তিন আদিবাসী ব্যক্তিকে হত্যা এবং দুর্গাপুজার সময় হিন্দু সংখ্যালঘুদের ৪৯টি উপাসনালয়ে হামলার ঘটনার তদন্ত করার দাবি জানান।

বাংলাদেশে হিন্দু এবং পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় এবং মৌলবাদী শক্তির নিপীড়ন নির্যাতন নিয়ে জেনিসভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বক্তব্য রাখছেন রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের পরিচালক সুহাস চাকমা
তিনি বলেন, 'রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল যদি দেশে উপস্থিত থেকেও এমন ঘটনার ব্যাপারে নীরব থাকে এবং কোনও প্রতিক্রিয়া না দেয় তবে ভুক্তভোগীদের ওই প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট হবে এবং তাদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠবে।
তিনি আরও বলেন, 'জাতিসংঘ মানবাধিকার পরিষদের কোনো নির্দিষ্ট দেশের প্রস্তাব ছাড়াই যে সব কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলিও পরিষদের সামনে উপস্থাপন করা উচিত। ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার কাউন্সিলের অনুসন্ধান মিশন আন্তর্জাতিক অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধসহ গুরুতর অভিযোগের ‘যৌক্তিক প্রমাণের ভিত্তি’ পেয়েছিল বলে দাবি করে। কিন্তু সেই প্রতিবেদনটি পরিষদের সামনে উপস্থাপন করা হয়নি।