রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 March 2026 23:31
দ্য ওয়াল ব্যুরো: ইদের আনন্দ শেষ হতেই নেমে এল শোকের ছায়া। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় (Bangladesh Bus Accident) প্রায় ৪০–৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেল একটি বাস (Padma River Accident)। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টা নাগাদ দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসটির যাত্রীরা অধিকাংশই ইদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দুই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৩৫ জন যাত্রী নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে দাঁড়িয়ে ছিল। সেই সময় ‘হাসনা হেনা’ নামে একটি ছোট ইউটিলিটি ফেরি এসে সজোরে ধাক্কা মারে পন্টুনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার জেরে পন্টুনটি ভেঙে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও, বেশিরভাগই ডুবে যাওয়া বাসটির ভিতরে আটকে পড়েন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বাসটি নদীর প্রায় ৩০ থেকে ৬০ ফুট গভীরে তলিয়ে গিয়ে পন্টুনের নীচে আটকে রয়েছে। রাজবাড়ী, ঢাকা ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে উদ্ধারকাজে বারবার বাধা তৈরি হচ্ছে বলে জানিয়েছে ‘বিবিসি বাংলা’।
#Bangladesh | Bus with dozens of passengers plunges into Padma River in Rajbari; rescue operations underway
The incident occurred at around 5:15 pm at Daulatdia Ghat No. 3, when the Dhaka-bound bus lost control while attempting to board a ferry and fell from a pontoon into the… pic.twitter.com/rG1pNKBG4u— DD News (@DDNewslive) March 25, 2026
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে উদ্ধারকাজ শুরু হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে এবং উদ্ধারকাজ জারি থাকবে।