মঙ্গলবার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। গত বছর এই দিনে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার ঢাকায় বড় জমায়েতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

ইসহাক দার
শেষ আপডেট: 4 August 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সঙ্গে সেনার বাৎসরিক যুদ্ধ মহড়া নিয়ে চক্তি করতে চলেছে বাংলাদেশের মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) সরকার। চলতি মাসের মাঝামাঝি ঢাকা সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার(Ishaq Dar) । ওই সফরে বাণিজ্য, সংস্কৃতি বিনিময়, ইসলামিক চর্চা-সহ আরও পাঁচটি বিষয়ে চুক্তি হবে।
ইসহাক দার পাকিস্তানের একজন উপপ্রধানমন্ত্রী, যিনি বিদেশমন্ত্রকের দায়িত্বে আছেন। গত এপ্রিলে তাঁর বাংলাদেশ সফরের কথা থাকলেও তা পিছিয়ে যায়। আসছেন চলতি মাসে, যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা জমানার পতনের এক বছর উৎসবের মেজাজে পালন করছে।
আগামীকাল মঙ্গলবার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। গত বছর এই দিনে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আগামীকাল মঙ্গলবার ঢাকায় বড় জমায়েতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র যা বাংলাদেশের সংবিধানে যুক্ত করার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি তথা গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব।
হাসিনার জমানায় বাংলাদেশের সঙ্গে কার্যত মুখ দেখাদেখি বন্ধ ছিল। পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে গত বছর পালাবদলের পর। দুই দেশের মধ্যে একাধিক বোঝাপড়া তৈরি।হয়েছে। ইতিমধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা ঘুরে গিয়েছেন পাকিস্তানের বিদেশ সচিব। দুই দেশ ভিসার শর্ত শিথিল করেছে। বাংলাদেশের জন্মের পর চলতি বছরের প্রথম চট্টগ্রাম-করাচি সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগও বেড়েছে। রুটিন যৌথ যুদ্ধ মহড়াও হয়। তবে সার্বিক যুদ্ধ মহড়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা নেই। পাক বিদেশমন্ত্রীর সফরে যে ছয় চুক্তি স্বাক্ষরিত হবে তার একটি হল দু দেশের সেনার মহড়া ও প্রশিক্ষণ নিয়ে।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক বোঝাপড়ার প্রতিক্রিয়া ভারতের উপর কীভাবে পারতে পারে সে ব্যাপারে সমর বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, পাকিস্তান ও বাংলাদেশ চিনের অস্ত্র বেশি ব্যবহার করে। তাই যৌথ মহড়ায় চিনের ঢুকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অস্ত্রের চাইতেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সেনার বোঝাপড়ার প্রধান বিপদ পাক বাহিনীর মানসিকতা। হিন্দুস্থানকে নিশানা করা তাদের যুদ্ধ প্রশিক্ষণের গোড়ার বিষয়। তা বাংলাদেশ সেনাও গ্রহণ করতে পারে।