বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লিগকে ( Awami League)। মহম্মদ ইউনুসের (Md Yunus) অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে (Anti terrorist act) ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন বাতিল করে দিয়েছে।

শেষ আপডেট: 29 January 2026 13:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লিগকে ( Awami League)। মহম্মদ ইউনুসের (Md Yunus) অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে (Anti terrorist act) ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন বাতিল করে দিয়েছে। দেশটির অপর দুটি গুরুত্বপূর্ণ দল বিএনপি (BNP) এবং জামায়াতে ইসলামী (Jamaat E Islami) অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সমর্থন করেছে।
তবে ভিন্ন কথা শুনিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান (Tareq Rahaman, BNP Chairman)। টাইম ম্যাগাজিনকে (TIME magazine) দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানকে আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, আওয়ামী লিগ প্রসঙ্গে তিনি মতামত দিতে আগ্রহী নন। তবে তিনি নীতিগত ভাবে মনে করেন কোন দলকে নিষিদ্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়।
তাঁর কথায়, 'আজ যদি আপনি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তাহলে আগামীকাল আপনি আমাকে নিষিদ্ধ করবেন না এমন নিশ্চয়তা কি আছে?' তিনি বলেন, 'অবশ্যই, যদি কেউ কোনও ধরণের অপরাধের জন্য দায়ী হয়, তবে তাদের অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।'
টাইম ম্যাগাজিন তারেক রহমানের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশ করেছে বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং বিএনপির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে। দীর্ঘ ১৭ বছর পর গত মাসে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরেছেন। এর পাঁচ দিনের মাথায় ৩০ ডিসেম্বর তাঁর মা তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত হন। এমন ব্যক্তিগত বিপর্যয়ের মুহূর্তে তারেক রহমান বাংলাদেশ নিয়ে কী ভাবছেন টাইম ম্যাগাজিন সে বিষয়ে তাঁর অভিমত জানতে চেয়েছিল।
মার্কিন পত্রিকাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকেই এগিয়ে রেখেছে। তারা ইঙ্গিত করেছে তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
তার হাতে বাংলাদেশ কোন পথে এগোবে সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতা তার অভিমত জানিয়েছেন। তিনি বলেছেন দেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক অধিকার পান সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি এগোবেন।
ওয়াকিবহাল মহল তারেকের এই বক্তব্য এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্নে তাঁর অবস্থানকে অভিন্ন ভাবনা হিসেবে দেখছে। এই প্রসঙ্গেই আলোচনায় আসছে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য। একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে আওয়ামী লিগ নেত্রী আশা প্রকাশ করেছেন, বিএনপি ক্ষমতায় এলে তারা তাঁর দলকে রাজনীতি করার সুযোগ দেবে। হাসিনা বলেছেন গণতন্ত্রে বিরোধীদলের যথেষ্ট ভূমিকা রয়েছে রাষ্ট্র পরিচালনায়। আওয়ামী লিগ বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে আগ্রহী। রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, বিএনপি ক্ষমতায় ফিরতে পারলে আওয়ামী লিগ সম্পর্কে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বদল ঘটতে পারে। গত ২২ জানুয়ারি থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। তারেক রহমান বিভিন্ন জেলা সফর করেছেন এবং বেশ কয়েকটি বৃহৎ জনসভায় ভাষণ দিয়েছেন তিনি। লক্ষণীয় হল এখনও পর্যন্ত তিনি আওয়ামী লিগ এবং শেখ হাসিনাকে নাম করে আক্রমণ করেননি।
যদিও রাজনৈতিক ও কূটনৈতিক মহলের আরেক পক্ষ মনে করছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্নে তারেকের অবস্থান নির্বাচনী কৌশলের অংশ। বিএনপি নেতৃত্ব চাইছে দেশে থাকা আওয়ামী লিগের ভোটারদের সমর্থন আদায় করতে। সেজন্য নানাভাবে বার্তাও দিচ্ছেন এই দলের নেতারা। বুধবারই বিএনপি নেতা তথা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জনসভায় বলেন আওয়ামী লিগের যে নেতাকর্মীরা কোন অপরাধ করেননি তাদের ওপর জুলুম নির্যাতন বিএনপি সমর্থন করে না। বিএনপি তাদের পাশে থাকতে আগ্রহী।
আওয়ামী লিগকে নিষিদ্ধ করার প্রশ্নে দিন কুড়ি আগে বিএনপি মহা সচিবই বলেছিলেন, তাঁরা কোন দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তবে আওয়ামী লিগ তাদের অপকর্মের জন্য দুঃখ প্রকাশ, ক্ষমাপ্রার্থনা না করায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বিএনপিকে মেনে নিতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লিগ তাদের ভুল স্বীকার করলে বিএনপি'র পক্ষে সুবিধা হতো দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের বিরোধিতা করার। কদিন আগে বিএনপি'র এই প্রবীণ নেতা ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী এলাকায় প্রচারে গিয়েও আওয়ামী লিগ ময়দানে না থাকা নিয়ে আক্ষেপ করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা দিল্লি চলে গিয়ে তার দলকে বিপদে ফেলেছেন। অন্যরাও সমস্যায় পড়েছে। কারণ আওয়ামী লিগ ময়দানে থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্পূর্ণ হতো।
সাক্ষাৎকারে তারেক রহমান বাংলাদেশকে কীভাবে তিনি গড়ে তুলতে চান তার কিছু আভাস দিয়েছেন। তিনি বলেছেন প্রতিশ্রুতি ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবেন। তারেক জানিয়েছেন বিএনপি সরকার গড়লে গোটা বাংলাদেশে ১০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে এবং পাঁচ কোটি বৃক্ষরোপন করবেন।