
ফাইল ছবি।
শেষ আপডেট: 21 July 2024 10:04
দ্য ওয়াল ব্যুরো: কোটা বাতিলের দাবিতে দেশজুড়ে চলা আন্দোলন ঠেকাতে শনিবার থেকে বাংলাদেশে কার্ফু জারি করেছিল হাসিনার সরকার। সূত্রের খবর, পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় বাড়ান হল কার্ফুর মেয়াদ। এদিকে মৃতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রের খবর। যে দাবিকে ঘিরে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে, রবিবার সেই কোটা মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিমকোর্টে।
বস্তুত, সংরক্ষণের বিরোধিতা করে আদালতে আবেদন জানিয়েছে সরকারও। অর্থাৎ সংরক্ষণ বা কোটার প্রশ্নে আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের বক্তব্যের বিশেষ ফারাক নেই। তবে যেভাবে আন্দোলন সংগঠিত করা হচ্ছে, তা নিয়ে আপত্তি রয়েছে সরকারের। ফলে শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে সকলে।
কোটা বিরোধী আন্দোলনে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৭টিতে আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্পেন ও ব্রাজিল সফরে বাতিল করেছেন। রবিবারই বিদেশ সফরে যাওয়ার কথা ছিল তাঁর। প্রসঙ্গত, কোটা সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী ৭ অগস্ট। কিন্তু ছাত্রবিক্ষোভের জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা বিবেচনা করে মামলাটি দ্রুত শোনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে আবেদন জানায় সরকার। তারই ভিত্তিতে রবিবার সকাল ১০টা থেকে শীর্ষ আদালতে শুরু হয়েছে এই মামলার শুনানি।
বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে সেনা নামিয়ে কার্ফু জারি করেছে সরকার।পরিস্থিতির মোকাবিলায় দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টা পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে জানানো হয়েছিল। পরে সেই মেয়াদ বাড়িয়ে রবিবার দুপুর ৩টে পর্যন্ত করা হয়েছে।
সরকারি সূত্রের খবর, তার আগেই কোটা মামলায় শীর্ষ আদালতের রায় স্পষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।