অশীতিপর খালেদা জিয়া বিগত তিন চার বছর ধরে গুরুতর অসুস্থ। তাঁর হার্টের গুরুতর সমস্যা রয়েছে। কিডনি, লিভারের অবস্থাও ভাল নয়।

খালেদা জিয়া।
শেষ আপডেট: 29 November 2025 08:12
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন (Khaleda Jia is in critical condition)। গতকাল গভীর রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে তাঁর পুত্র তারিক জিয়া দ্রুত দেশে ফিরে আসতে পারেন বলে দলীয় সূত্রের খবর। তারেক ২০০৮ থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় রয়েছেন। এ মাসেই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা পিছিয়ে যায়। তার ইচ্ছা ছিল পবিত্র ওমরাহর জন্য সৌদি আরবে যাবেন।তারপর সরাসরি লন্ডন থেকে ঢাকায় আসবেন। এখন মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে তিনি সিদ্ধান্ত বদল করছেন বলে জানা গিয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অশীতি পর খালেদার শারীরিক অবস্থা নিয়ে গোটা বাংলাদেশ জুড়েই উৎকণ্ঠা তৈরি হয়েছে। ঢাকার সবচেয়ে আধুনিক হাসপাতাল এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন। দেশের নানা জায়গায় বিএনপি নেতা কর্মীরা নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। ভিড় বাড়ছে হাসপাতাল চত্বরেও। চিকিৎসকেরা জানাচ্ছেন খালেদার যে স্তরের সংক্রমনে আক্রান্ত তা খুবই উদ্বেগের কারণ। তাঁর বয়স এবং নানা ধরনের শারীরিক সমস্যার কথা ভেবে চিকিৎসা করতে হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার সন্ধ্যায় দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি বলেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সরকার সব ধরনের চেষ্টা চালাবে। ইউনুস আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। আরও বহুদিন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের শামিল থাকবেন, দেশ এই আশা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মহম্মদ ইউনুস নিয়মিত সাবেক প্রধানমন্ত্রীর শরীর-স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। চলতি মাসেই তিনি দেশে ফিরবেন বলে বিএনপি নেতৃত্ব ঘোষণা করেছিল। তারেক জিয়া নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন দ্রুতই দেশে ফিরতে চান। নভেম্বর মাস শেষ হতে চলল তারেক এখনও দেশে ফেরেননি। তিনি লন্ডন থেকে মায়ের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। সর্বশেষ খবর তিনি দেশে ফিরছেন। সেইমতো তার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি গুলি জোর তৎপরতা শুরু হয়েছে।
অশীতিপর খালেদা জিয়া বিগত তিন চার বছর ধরে গুরুতর অসুস্থ। তাঁর হার্টের গুরুতর সমস্যা রয়েছে। কিডনি, লিভারের অবস্থাও ভাল নয়। চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি লন্ডনে চিকিৎসা করিয়ে এসেছেন। তখন তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ ছিলেন। গত ২১ নভেম্বর তিনি ঢাকার সেনানিবাসে সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরদিন থেকে তিনি অসুস্থতা বোধ করেন। তার শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়ে। সেখান থেকে জটিলতা তৈরি হয়েছে হৃদপিণ্ডেও।