Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শুক্রবার স্বাক্ষর, হাসিনা বিরোধী জুলাই সনদ নিয়ে এখনও ভিন্ন সুর বিএনপি-জামাত, এনসিপি'র

তাৎপর্যপূর্ণ হল, সেই দলিলে স্বাক্ষর করা নিয়ে আওয়ামী লিগ বিরোধী দলগুলি এখনও দোলাচলে। বস্তুত এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যে সহমত গড়ে তুলতেই বুধবার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা।

শুক্রবার স্বাক্ষর, হাসিনা বিরোধী জুলাই সনদ নিয়ে এখনও ভিন্ন সুর বিএনপি-জামাত, এনসিপি'র

মহম্মদ ইউনুস

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 October 2025 07:38

দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার ঢাকায় (Dhaka) জুলাই সনদ (July Charter) স্বাক্ষরিত হবে। সরকারি ঘোষণা মতো আওয়ামী লিগ (Awami League) বাদে বাংলাদেশে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত সমস্ত দলের এতে স্বাক্ষর করার কথা।‌

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus) শুক্রবার রাতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা তিনি দিয়েছেন সেটিও এই সনদের অংশ। ‌প্রধান উপদেষ্টা আরও ঘোষণা করেছেন, শুক্রবার বিকালে উৎসবের মেজাজে দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে। ‌

তিনি জানান, স্বাক্ষর দান অনুষ্ঠানের ছবি এবং কলমটি জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখা হবে। এছাড়া জুলাই সনদ এর নির্বাচিত অংশ পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। যাতে ছেলেমেয়েরা এই সনদের বিষয়ে ছাত্র জীবন থেকেই অবগত থাকে।

মহম্মদ ইউনুস এমন আশার কথা শোনালেও শুক্রবার রাতের বৈঠক শেষেও প্রথম সারির দলগুলির মধ্যে জুলাই সনদ নিয়ে দোলাচলের আভাস মিলেছে। অন্যতম দল বিএনপি (BNP) বলেছে, তারা সনদে সই করবে এই শর্তে যে যেসব বিষয়ে তাদের আপত্তি আছে সেগুলি বিষয়ে দলের বক্তব্য তাতে উল্লেখ থাকতে হবে।

অন্যদিকে, আর এক গুরুত্বপূর্ণ দল জামায়াত ই ইসলামি (Jamat e Islam) জানিয়েছে, তারা শুক্রবার সনদে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সনদে তারা স্বাক্ষর করবে কিনা তা সেদিনই জানা যাবে। ওই দলের তরফে প্রধান উপদেষ্টার ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন ‌নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, সনদে স্বাক্ষরের বিষয়ে তারা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। অনেকগুলি বিষয়ে তাদের আপত্তি আছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন।

জুলাই সনদ হল মহম্মদ ইউনুস সরকার গঠিত সংস্কার কমিশনগুলির সুপারিশ। মোট ৮৪টি সুপারিশ সনদে থাকার কথা যেগুলির বিষয়ে রাজনৈতিক দলগুলির পুরোপুরি ঐক্যমত হয়নি। যে কারণে বিএনপি জানিয়েছে তারা তাদের ভিন্নমত বা 'ডিসেন্ট নোট' সনদে অন্তর্ভুক্ত করতে চায়।

দলগুলির মধ্যে ভিন্নমত আছে গণভোট নিয়েও। এনসিপি তথা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রথম থেকেই দাবি করে আসছে বাংলাদেশের বর্তমান সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেজন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করে নতুন সংবিধান চালু করতে হবে দেশে। তাদের সেই দাবি সরকার এবং অধিকাংশ দল মানেনি। সেই কারণে জুলাই সনদ নিয়েও এনসিপি আগের মতো আর উৎসাহী নয়। যদিও বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রথম সারিতে থাকা ছাত্র নেতৃত্বে তৈরি এই দলই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ তৈরির দাবি করেছিল। জুলাই ঘোষণা পত্র শেষ পর্যন্ত দিনের আলো দেখেনি। তাতে গণঅভ্যুত্থানের উদ্দেশ্য এবং কর্মসূচি ঘোষণা করার কথা ছিল।

যদিও এই ধরনের ঘোষণা করার কথা অভুত্থান‌ তথা বিপ্লবের আগেই। কিন্তু গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের আগে আন্দোলনকারীরা কেউই ভাবতে পারেননি, এত বড় একটা পরিবর্তন ঘটে যাবে। গত বছরের শেষে এনসিপি নেতৃত্ব নিজেরাই সেই ঘোষণাপত্র জারির উদ্যোগ নিলে সরকারের তরফে বলা হয়েছিল এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

শেষ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র নিয়ে আর অগ্রসর হয়নি সরকার। ফলে এনসিপি সেই পরাজয় মেনে নিয়েই এখন জুলাই সনদ নিয়ে অনেকটাই বেঁকে বসেছে। ওই দলের সিংহভাগের মত হল যে সনদ তৈরি করা হয়েছে তাতে সই করা মানে অভ্যুত্থানকে ব্যর্থ প্রতিপন্ন করা। কারণ কাঙ্খিত পরিবর্তন সংস্কার কমিশনগুলির সুপারিশে করা হয়নি। জুলাই সনদে সংস্কারের কথা বলার পাশাপাশি রয়েছে হাসিনা জমানার 'কালো অধ্যায়'-এর উল্লেখ। তাতে শেখ হাসিনা ও আওয়ামী লিগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।‌

তাৎপর্যপূর্ণ হল, সেই দলিলে স্বাক্ষর করা নিয়ে আওয়ামী লিগ বিরোধী দলগুলি এখনও দোলাচলে। বস্তুত এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যে সহমত গড়ে তুলতেই বুধবার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। তাঁর অফিস যমুনায় দীর্ঘ সময়ে রাজনৈতিক দলগুলি সঙ্গে আলাপ-আলোচনার পর ইউনুস আশা প্রকাশ করেন শুক্রবার মহা উৎসব আনন্দের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। ‌যদিও বৈঠকে অংশ নেওয়া দলগুলি আলাদা আলাদা সাংবাদিক বৈঠক করে যে বক্তব্য পেশ করেছে তাতে স্পষ্ট যে এই বিষয়ে এখনও তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।

সনদের বক্তব্য ছাড়াও আরও একটি বিষয়ে বিএনপি, জামাত এবং এনসিপি'র মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। জামাত এবং এনসিপি দাবি তুলেছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিতে হবে। মানুষ সনদ বাস্তবায়নে তাদের বক্তব্য 'হ্যাঁ' অথবা 'না' এই ভোটদানের মধ্য দিয়ে প্রকাশ করতে চায় ওই দুই দল।

অন্যদিকে, অন্যতম দল বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই একইসঙ্গে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে-বিপক্ষে রায় নেওয়া হোক। বুধবারের বৈঠকে বিএনপি'র তরফে অংশ নেওয়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এতে নির্বাচনের খরচ বেঁচে যাবে। দুটি নির্বাচন করা মানে একটা ঝুঁকিকে স্বাগত জানানো। ‌এটা মানুষ চাইবে না।

তাঁর আরও বক্তব্য, জুলাই সনদে উল্লেখিত সংস্কারগুলি কার্যকর করার দায় নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। আগামী দিনে যে দল সরকার গড়বে তারা তাদের মত করে কর্মসূচি গুলি বাস্তবায়িত করবে এটাই কাম্য। যদিও সরকার চাইছে তার আগে সনদে সই এবং গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি ভবিষ্যতের জন্য নিশ্চিত করা। ‌

এই সনদ তৈরির জন্য মহম্মদ ইউনুসের সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে। ইউনুস নিজে সেই কমিশনের চেয়ারম্যান। কমিশনের তরফে মূল দায়িত্ব পালন করেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ।‌

বিগত কয়েক মাস ধরে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে সনদের খসড়া তৈরি করেছে কমিশন। চূড়ান্ত খসড়ায় অধিকাংশ দল সায় দিয়েছে।‌ তারপরও জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এখনও সংশয় কাটেনি বলে ওয়াকিবহাল মহল মনে করছে।


```