বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে কি সরিয়ে দেওয়া হচ্ছে? বিদেশে বাংলাদেশের ৮০টি মিশন অর্থাৎ দূতাবাস অফিস থেকে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন
শেষ আপডেট: 17 August 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে কি সরিয়ে দেওয়া হচ্ছে? বিদেশে বাংলাদেশের ৮০টি মিশন অর্থাৎ দূতাবাস অফিস থেকে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ঢাকার সরকারি সূত্র জানাচ্ছে, বিদেশ মন্ত্রকের মৌখিক নির্দেশ পেয়ে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে।
এই বিষয়টি জানাজানি হতেই জল্পনা ছড়িয়েছে তাহলে কি বর্তমান রাষ্ট্রপতি সরে যাচ্ছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিজে না চাইলে তাঁকে মেয়াদ শেষের আগে সরানো কঠিন। তিনি গুরুতর অসুস্থ, বড় ধরনের অপরাধে জড়িয়ে না পড়লে অন্তর্বর্তী সময়ে সরে যাওয়ার সুযোগ নেই। যদিও রাজনৈতিক কারণে বহু রাষ্ট্রপতিকে অতীতে মাঝেপথে সরে যেতে হয়েছে।
তবে কোনও ক্ষেত্রেই পদত্যাগের আগে কোনও রাষ্ট্রপতির ছবি সরানোর নজির নেই। কেউ কেউ তাই এমনও বলছেন, রাষ্ট্রপতির ছবি বদল করা হতে পারে। তাই হয়তো।মৌখিকভাবে ঢাকা থেকে ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রক।
তবে আওয়ামী লিগের সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরানোর দাবিতে বারে বারে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সরকার তাদের দাবির কাছে নতিস্বীকার করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ২০২৩-এ রাষ্ট্রপতি হওয়া সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮-এর অক্টোবরে শেষ হওয়ার কথা৷