
ফাইল চিত্র
শেষ আপডেট: 18 November 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুন সহ মানবতার বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে সোমবার থেকে বিচার শুরু হচ্ছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সহ ৪৬ জনের বিচার হবে। হাসিনার বিরুদ্ধে মোট আড়াইশো মামলা দায়ের হয়েছে। তারমধ্যে দু'শোটিই খুনের মামলা।
বিচার শুরুর কয়েক ঘণ্টা আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতির উদ্দেশে বলেছেন, ভারতকে বলা হবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে। সাবেক প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
ঢাকার আদালতে সোমবার ১৪ জন অভিযুক্তকে হাজির করবে বাংলাদেশ পুলিশ। তারা বর্তমানে কারাবন্দি। তাদের মধ্যে ১০ জন সাবেক হাসিনা সরকারের মন্ত্রী। ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই সাবেক মন্ত্রীদের খুন ও দুর্নীতির মামলায় গ্রেফতার করে পুলিশ।
এদিকে, হাসিনাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে বাংলাদেশ সরকার যে আর্জি জানিয়েছে, সে ব্যাপারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এখনও পর্যন্ত সাড়া দেয়নি। গত মাসের ২৭ অক্টোবর ঢাকার ট্রাইব্যুনাল হাসিনা সহ ৪৬ জনকে ১৮ নভেম্বর হাজির করানোর নির্দেশ দেয়।
হাসিনাকে ফেরানোর বিষয়ে ইউনুস দায়িত্ব নেওয়ার পর এতদিন নীরব ছিলেন। তাতে দেশবাসীর একাংশের মনে হাসিনার বিচার নিয়ে সংশয় তৈরি হয়েছিল। রবিবার জাতির উদ্দেশে ভাষণে সরব হন তিনি। এখন দেখার সোমবার ট্রাইব্যুনালের সামনে ইউনুস সরকার হসসিনার বিষয়ে কী জানায়।