রবিবার গভীর রাতে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছন হামিদ। বিমান বন্দরে প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে কোনও বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা ছিল না।

আবদুল হামিদ (ফাইল ছবি)
শেষ আপডেট: 9 June 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid, ex-President of Bangladesh) দেশে ফিরে এসেছেন। টানা দশ বছরের একমাত্র সাবেক এই রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধাকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor to Bangladesh) জেলে পাঠাবেন কি না তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে বাংলাদেশ পুলিশ। আওয়ামী লিগ সুত্রের খবর, মিথ্যা মামলায় নাম আছে শেখ হাসিনা-সহ দলের শীর্ষ নেতাদেরও।

বিমানবন্দরে আবদুল হামিদ। পরনে লুঙ্গি, হাওয়াই শার্ট
আশি বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ ক্যানসারে আক্রান্ত (a cancer patient)। তাঁর শরীরের ওজন অর্ধেক হয়ে গিয়েছে। ফলে প্যান্ট, শার্ট পরার অবস্থা নেই। কারও সাহায্য ছাড়া এক মিনিটও দাঁড়াতে পারেন না। শারীরিক কারণে লুঙ্গি ও ফতুয়া পরে গত ৮ মে ব্যাংককে চিকিৎসা করাতে যান। যদিও সরকারি মহল এবং মহম্মদ ইউনুসের অনুগত ছাত্ররা রটিয়ে দেয় হামিদ চেহারা আড়াল করে দেশ ছেড়েছেন।
তদন্তে অবশ্য দেখা যায় বিমানবন্দরে বৈধ কাগজপত্র দেখিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি। দিনের বেলা ভিড়ের কারণে গভীর রাতে কম ভাড়ার বিমানে দেশ ছাড়েন। সঙ্গে ছিল ব্যাংককে চিকিৎসা করাতে যেতে সুপারিশপত্র। তারপরও বাংলাদেশ সরকার তাঁর বিদেশ যাত্রাকে বেআইনি ঘোষণা করে বিমানবন্দরে কর্তব্যরত ইমিগ্রেশন পুলিশ এবং সাবেক রাষ্ট্রপতি হিসাবে হামিদের অফিস দেখভালের দায়িত্বপ্রাত আধিকারিকদের বরখাস্ত করে। তৈরি করা হয় তদন্ত কমিটি। যদিও একমাসের মাথায় হামিদ দেশে ফিরে এলেও তদন্ত রিপোর্টের দেখা নেই।
যদিও সাবেক রাষ্ট্রপতি হিসেবে তাঁর চিকিৎসা দেখভাল, খরচ ইত্যাদি সরকারের বহন করার কথা। দশ বছরের সাবেক রাষ্ট্রপতির কপালে সে সব জোটেনি। যদিও রাষ্ট্রপতি হিসাবে একমাত্র তিনিই বঙ্গভবন তথা রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিয়েছেন। তাঁর পূর্বসুরীদের যে বিদায় সংবর্ধনা পাননি।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছন হামিদ। বিমান বন্দরে প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে কোনও বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা ছিল না। ছিলেন না পুলিশ-প্রশাসনের কর্তারা।
হামিদ একমাত্র ব্যক্তি যিনি টানা দশ বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর ৫ অগস্ট হাসিনা জমানার এই রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর দেশের বাড়ি কিশোরগঞ্জে। সেখানকার বাড়িতে ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা হয়। সাবেক রাষ্ট্রপতি প্রকাশ্যে এই সব ঘটনার প্রতিবাদ জানিয়ে কোনও মন্তব্য করেননি। কিছুদিন পর তাঁর বিরুদ্ধে ঢাকা ও কিশোরগঞ্জে খুনের মামলা দায়ের হয়। সেই মামলায় এবার তাঁকে জেলে পাঠানো হতে পারে, আশঙ্কা নানা মহলের।