বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দুর্গাপুজো নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছে ভারতে প্রবাসী বাংলাদেশিরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 September 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দুর্গাপুজো নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছে ভারতে প্রবাসী বাংলাদেশিরা।
আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতার বেকবাগান পোস্ট অফিস থেকে উপ দূতাবাস অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়েছে কলকাতার বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া।
সংগঠনটির বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন 'দুর্গাপূজার সময় গাঁজা ও মদের আসর বসানো যাবে না।'
সংগঠনের বক্তব্য, এই জঘন্য মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের উপর যুগ যুগ ধরে চলমান মন্দির ভাঙা, মা-বোনদের সম্মানহানি, ঘরবাড়ি জ্বালানো দেশত্যাগে বাধ্য করা, এসব নির্যাতনেরই ধারাবাহিক অংশ।
সংগঠনটির বক্তব্য, মন্তব্য গভীর ষড়যন্ত্র। সনাতন ধর্মকে অপমান করে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা। সহিংসতায় উস্কানি দেওয়া। 'মাদক ঠেকানো'র নামে পূজামণ্ডপে আক্রমণের সবুজ সংকেত। নির্যাতনের বহিঃপ্রকাশ–বছরের পর বছর সংখ্যালঘুদের উপর চলা অত্যাচারেরই প্রতিফলন।
এটি কোনও ব্যক্তিগত মন্তব্য নয়; বরং ড. ইউনুস ও তাঁর উপদেষ্টাদের সুপরিকল্পিত নীতি। যার লক্ষ্য বাংলাদেশ থেকে সনাতনীদের ধাপে ধাপে বিতাড়ন।
সংগঠনটির দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুর জীবন, সম্মান ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
সংগঠনটি ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির কাছে আহ্বান জানিয়েছে, ইউনুস সরকারের সংখ্যালঘু-বিতাড়ন নীতি আন্তর্জাতিক মহলে প্রকাশ করতে হবে।