বিএনপি'র প্রচারের মূল বক্তব্য জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এই দলের দেশ শাসন করার কোন অধিকার নেই।

তারেক রহমান।
শেষ আপডেট: 7 February 2026 07:06
দ্য ওয়াল ব্যুরো: বিএনপি (BNP) সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান (Tareq Rahaman)। আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th parliamentary election in Bangladesh) জন্য ভোট গ্রহণ করা হবে। তারেক রহমানের প্রত্যাশা অনুযায়ী ফল হলে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ক্ষমতায় ফিরবে বিএনপি।
সংবাদ সংস্থা রয়টার্সকে তারেক রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন বিএনপি জোট অন্য কোন দল বা জোটের সমর্থন ছাড়াই একক শক্তিতে সরকার গড়তে সক্ষম হবে। বাংলাদেশে জাতীয় সংসদের আসন ৩০০। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৫১ আসন। ৩০০ আসনের মধ্যে বিএনপি একাই লড়াই করছে ২৯১ আসনে। সংখ্যাগরিষ্ঠতা মিলবে দাবি করলেও বিএনপির শীর্ষ নেতা কত আসন দল পেতে পারে তা নিয়ে কোনও মন্তব্য করেননি।
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে এই নির্বাচনে বিএনপি'র প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান (Dr Shafiqur Rahaman, Chief of Bangladesh Jamaat E Islami) ভোটের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তারেক রহমান সেই প্রস্তাব খারিজ করে দিয়ে বলেছেন আমরা নির্বাচনী ময়দানে যাদের সঙ্গে লড়াই করছি তাদেরকে নিয়ে কী করে সরকার গড়তে পারি! তারেকের প্রশ্ন সে ক্ষেত্রে বিরোধী দল কারা হবে? বিএনপি চেয়ারপারসন বলেছেন তিনি আশাবাদী যে জামায়াতে ইসলামী উপযুক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
এবারের নির্বাচনে আওয়ামী লিগকে অংশগ্রহণ করতে না দাওয়াই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন জোটের মধ্যে। এই দুই দল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে জোট সরকার চালিয়েছে। সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তারেক রহমানের মা সদ্যপ্রয়াত খালেদা জিয়া। তখন থেকে বিএনপি এবং জামাত ক্ষমতার বাইরে এবং দু'দলের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যায়। বহু বছর ধরেই দল দুটি পৃথকভাবে আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। নির্বাচনী ময়দানে বিএনপি এবং জামাত পরস্পরকে তীব্র আক্রমণ শানাচ্ছে।
বিএনপি'র প্রচারের মূল বক্তব্য জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এই দলের দেশ শাসন করার কোন অধিকার নেই।
অন্যদিকে, বিএনপি সম্পর্কে জামাতের বক্তব্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বিএনপি আর একটি আওয়ামী লিগ হয়ে উঠেছে। বিগত শাসকদলের মতোই বিএনপি চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ কায়েম করেছে দেশে। এই দলের হাতে দেশ মোটেই নিরাপদ নয়। বেশিরভাগ প্রাক নির্বাচনী সমীক্ষায় বিএনপিকে সরকার গড়ার দৌড়ে এগিয়ে রাখা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন জামাত ইসলামের ও তাদের সহযোগী দলগুলি এবার শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তিনবারের সাবেক শাসক দলকে।
সাক্ষাৎকারে ভারত ও চিনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠেছিল। তারেক রহমান বলেছেন, তাঁকে বাংলাদেশের স্বার্থে কাজ করতে হবে। দেশের বেকারদের কাজের সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সাধন তার লক্ষ্য। এই কাজে যে দেশের প্রস্তাব ভাল তিনি তাদেরকেই স্বাগত জানাবেন। আলাদা করে কোন দেশের ব্যাপারে তারেক রহমান মন্তব্য করতে চাননি।