Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসিনার ১৬ বছর উধাও থাকার অভিযোগে একে অপরের বিরুদ্ধে সরব বিএনপি-জামাত, সঙ্গে ‘গুপ্ত দল’ কটাক্ষ

হাসিনার ১৬ বছর উধাও থাকার অভিযোগ ঘিরে বিএনপি-জামাতের তীব্র বাকযুদ্ধ ও ‘গুপ্ত দল’ কটাক্ষে উত্তাল বাংলাদেশ রাজনীতি। কার্যক্রম নিষিদ্ধ অবস্থাতেও আওয়ামী লিগকে ঘিরে তৈরি হচ্ছে নতুন বিতর্ক।

 

হাসিনার ১৬ বছর উধাও থাকার অভিযোগে একে অপরের বিরুদ্ধে সরব বিএনপি-জামাত, সঙ্গে ‘গুপ্ত দল’ কটাক্ষ

বিএনপি-জামাত

গার্গী দাস

শেষ আপডেট: 11 February 2026 07:32

অমল সরকার

ঢাকা


‘অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা ওদের (আওয়ামী লিগ) সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে।’

‘যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়ে ছিলেন, তারাই আজ মজলুমদের নিয়ে এসব বলছেন। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকালে সেটাই ভালো হবে। অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন।’

মন্তব্য দুটি এই মুহূর্তে বাংলাদেশের সমাজমাধ্যমে ভাইরাল। বক্তাদের দলীয় অনুগামীরা সমাজমাধ্যমে দেদার শেয়ার করছেন নেতাদের ওই মন্তব্য। সঙ্গে কমেন্ট বক্সে মন্তব্যের সুনামি। সোশ্যাল মিডিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের মেজাজ।

প্রথম বক্তব্যটি তারেক রহমানের। শনিবার বিকালে বাংলাদেশের উত্তরপ্রান্তের এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় সভা করেন বিএনপি চেয়ারম্যান। সেই সভাতেই তারেক রহমান ওই মন্তব্য করেন। যদিও কাদের গুপ্ত বলতে হবে তা খোলসা করেননি বিএনপি সুপ্রিমো। তবে মন্তব্যটি যে যথাস্থানে আঘাত করেছে তা বোঝা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানের প্রতিক্রিয়ায়। ঢাকার কেরানিগঞ্জের সভায় তিনিও নাম না করে তারেক রহমানকে জবাব দেন। দুই নেতাই ‘গুপ্ত দল’ বলে গাল পেড়ে পরস্পরের বিরুদ্ধে হাসিনা জমানায় আন্দোলন-সংগ্রাম থেকে দূরে, আড়ালে থাকার অভিযোগ করেছে।

একদা মিত্র বিএনপি ও জামাত এবারের নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে জোরদার লড়াইয়ে শামিল। আওয়ামী লিগ ময়দানে না থাকায় বিএনপি ও জামাতের জোটের মধ্যেই মূল লড়াই হচ্ছে বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচনে।

নাম না করে জামাত সম্পর্কে তারেকের বক্তব্য, শেখ হাসিনার ১৬ বছরের স্বেরাচারি শাসনের সময় জামায়াতে ইসলামিকে ময়দানে দেখা যায়নি। তারা হাসিনা সরকারের অপকর্মের বিরোধিতা করেনি। অন্যদিকে, ময়দানে থেকে লড়াই করেছে বিএনপি।

শুধু তারেক রহমানের বক্তব্যই নয়, বিএনপি’র দাবি ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং তার আগে হাসিনার ১৬ বছরের শাসনে তাদের আটশোর বেশি নেতা-কর্মী খুন হয়েছে। নিহতদের তালিকা দলটি ঢাকার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে। এছাড়া বিএনপি-র দাবি তারা তাদের লক্ষ্যাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার। এমনকী খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকেও বিএনপি মিথ্যা বলে দাবি করছে। এরমধ্যে যে দুর্নীতির মামলায় জেলে থাকাকালীন জামিনে মুক্ত হয়ে তারেক জিয়া লন্ডনে চিকিৎসা করাতে গিয়েছিলেন সেই মামলা দায়ের হয়েছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে।

ঢাকার সভায় জামাতের আমির শফিকুর রহমান নাম মুখে না নিলেও তারেক জিয়ার দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকার বিষয়টি ইঙ্গিত করেন। তাঁর কথায় যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত ছিলেন তারাই মজলুম অর্থাৎ নিপীড়িতদের গুপ্ত বলছেন।’ জামাতের আমির এই মন্তব্যের সাহায্যে বোঝাতে চেয়েছেন আওয়ামী লিগের সরকারের সময়ে জামাতের উপর নিপীড়ন, নির্যাতন চালানো হয়। অন্যদিকে, আপস করে চলে বিএনপি।

প্রসঙ্গত, শেখ হাসিনার জমানায় জামায়াতে ইসলামির নির্বাচনে অংশ গ্রহণ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। আওয়ামী লিগ ও শেখ হাসিনা যদিও দাবি করে তাদের সরকার জামাতকে নিষিদ্ধ করেনি। আদালতের নির্দেশে দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চলে গিয়েছিল। তবে ২০২৪-এর জুলাই-অগস্টে গণঅভ্যুত্থানের সময় নাশকতামূলক কাজে যুক্ত থাকার অভিযোগে হাসিনা সরকার পতনের মুখে জামাতকে দল হিসাবেও সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছিল। দুটি নিষেধাজ্ঞাই আদালতের রায়ে খারিজ হয়ে যায়।

এবার ময়দানে আওয়ামী লিগ নেই। লড়াই মূলত জামাত ও বিএনপি জোটের মধ্যে। দুই দলই একে-অপরকে তীব্র ভাষায় আক্রমণ চালাচ্ছে। কেরানিগঞ্জের সভায় জামাতের আমির বলেন, ‘আমরা যেদিকে আগাতে চাই, কোনও কোনও দল সামনে গিয়ে বাধা দিয়ে দেয়। আমাদের আগাতে দেয় না। তার সাক্ষী— এই ১২ তারিখের গণভোট।’ এরপরই জুলাই সনদ নিয়ে বিএনপি’কে এক হাত নেন জামাত নেতা। বলেন, ‘জুলাই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে। তারা (বিএনপি) বলে যে গণভোট আবার কীসের? ধাক্কা খেয়ে যখন মানল তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারে না, হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, তাহলে গণভোটটা সুন্দর হবে এবং জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর হবে। তাদের দাবি পূরণ করা হলো। তখন বলে আমরা গণভোট মানি না।’

প্রসঙ্গত, বিএনপি গোড়ায় শুধু গণভোটে আপত্তিই তোলেনি, জুলাই সনদের বেশ কিছু প্রস্তাবের বিরুদ্ধে তারা আপত্তি নথিভুক্ত অর্থাৎ ডিসেন্ট নোট দিয়ে রেখেছে। আলাদা করে গণভোটের আয়োজনেও আপত্তি তুলেছিল দলটি।

বিএনপির সমালোচনা করে জামাতের আমির আরও বলেন, ‘এতদিন চিল্লাপাল্লা করে এখন যখন জনগণ জবাব চাইছে—আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরোনো ফ্যাসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা একটু একটু বলা শুরু করেছে। আসলে এ হল ঠেলার নাম বাবাজি। এই জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।’

অন্যদিকে, সিরাজগঞ্জের সভায় তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা গ্রহণ করবে দেশ ও জনগণের জন্য। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে—যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।’


```