বাংলাদেশ সরকার এবার ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত কয়েক দফায় ইলিশ আসবে।

বাংলাদেশের ইলিশ
শেষ আপডেট: 16 September 2025 21:03
দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ (Bangladesh Hilsa) মিলবে, মঙ্গলবার বিকালে এমনটাই খবর ছিল বাংলাদেশের সরকারি সূত্রের (Bangladesh official information)। রাতে জানানো হয়, বনগাঁর পেট্রাপোল সীমান্তের কর্মীরা মঙ্গল ও বুধবার ইলিশ নামানো-ওঠানোর কাজ করতে চাননি। বুধবার বিশ্বকর্মা পুজো (Biswakarma Puja)। সেই কারণে এই সিদ্ধান্ত তাঁদের। ফিশ মার্চেন্টস অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার তাঁরা ইলিশ লোডিং-আন লোডিংয়ের কাজ করবেন। কলকাতায় (Kolkata) মাছ মিলতে পারে বৃহস্পতিবার বিকালে।
মঙ্গলবার থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে মঙ্গলবারই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক নির্দেশিকা জারি করে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবার রাতেই ইলিশ পৌঁছে যাওয়ার কথা কলকাতার আড়তগুলিতে।
বাংলাদেশ সরকার এবার ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। সে দেশের মোট ৩৭টি রপ্তানিকারককে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত কয়েক দফায় ইলিশ আসবে।
বাংলাদেশে এবার ইলিশ উৎপাদন খুবই কম হয়েছে। কেন ইলিশের এমন আকাল তা অনুসন্ধান শুরু করেছে সে দেশের মৎস্য বিজ্ঞান প্রতিষ্ঠানগুলি। তুলনায় এপারে ইলিশ ভাল পরিমাণে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, উৎপাদন কম হওয়ায় বাংলাদেশে এবার ইলিশের দাম বেশ চড়া। এরই মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে। ফলে এবার পুজোয় বাংলাদেশের ইলিশের অভাব হবে না এপারের বাজারে।