এপার ও ওপার বাংলায় প্রচলিত লোকক্রিয়ার মধ্যে ‘কানামাছি’ খেলা কিংবদন্তি। কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ! বাংলাদেশে (Bangladesh) যেন তেমনই চলছে।

নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ।
শেষ আপডেট: 26 May 2025 22:16
দ্য ওয়াল ব্যুরো: এপার ও ওপার বাংলায় প্রচলিত লোকক্রিয়ার মধ্যে ‘কানামাছি’ খেলা কিংবদন্তি। কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ! বাংলাদেশে (Bangladesh) যেন তেমনই চলছে। আওয়ামী লিগ বা যুব লিগের ‘যাকে পাবি তাকে ধর’। এবার গ্রেফতার হলেন খুলনার যুব মহিলা লীগের নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ (Nasrin Islam Tandra)।
পুলিশ সূত্রের খবর, সোমবার গোপন সূত্রের ভিত্তিতে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় থানার পুলিশ প্রথমে তাঁকে আটক করে। পরে গ্রেফতার করে খুলনায় আনা হচ্ছে।
খবরের সত্যতা স্বীকার করে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুলনা থানার একটি মামলায় নাম রয়েছে তন্দ্রার। ওই মামলাতেই তাঁকে গ্রেফতার করে খুলনাতে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তন্দ্রা। সোমবার মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দপরে অবতরণ করেন তিনি। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে ইতালির ভিসা সংগ্রহ করার কথা ছিল সংগঠনের সোনাডাঙ্গা থানা শাখার প্রাক্তন প্রচার সম্পাদকের। গোপন সূত্রে খবর পেয়ে এদিন আগে থেকেই সাদা পোশাকে বিমানবন্দরে হাজির ছিলেন গোয়েন্দা পুলিশের কর্তারা। তন্দ্রা বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়।
কে এই তন্দ্রা?
গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, শুরুতে একটি এনজিওর কর্মী ছিলেন তন্দ্রা। পরে আওয়ামী লিগের সঙ্গে যুক্ত হন। শুরুতে সংগঠনের সোনাডাঙ্গা থানা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে খুলনার মহানগর যুব মহিলা লিগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। খুলনা, গোপালগঞ্জ, ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে তাঁর একাধিক বাড়ি ও জমি রয়েছে। রয়েছে দামি ব্র্যান্ডের একাধিক গাড়িও।