বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে।
.jpeg.webp)
শেষ আপডেট: 21 July 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় বিমান ভেঙে পড়ার ঘটনায় দ্রুত বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত ১৬ জন মারা গিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
আহতের সংখ্যাও দ্রুত বাড়ছে। আহতদের বেশিরভাগ স্কুল-কলেজের ছাত্রছাত্রী। ভেঙে পড়া বিমানের আগুনে তাদের দেহের অনেকাংশ পুড়ে গিয়েছে। তিনটি বড় হাসপাতালের এখনও পর্যন্ত একশোর বেশি জনকে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেই শিশু কিশোর।
বাংলাদেশের প্রথমসারির খবরের কাগজ প্রথম আলোর অনলাইন সংস্করণে আহতদের কয়েকনের নাম প্রকাশ করা হয়েছে। মৃতদের নাম জানা যায়নি। দগ্ধরা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (বয়স জানা যায়নি), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (বয়স জানা যায়নি), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

সোমবার দুপুরে ঢাকার অভিজাত এলাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজের ছাদে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে।
ভেঙে পড়া মাত্র বিমানটিতে আগুন ধরে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটির ছাদ ভেঙে বিমানটি বেশ কয়েকটি ক্লাসরুমের উপর পড়ে। পড়ুয়া ও শিক্ষক, শিক্ষা কর্মী মিলিয়ে বেশ কয়েকজন আহত হন। অগ্নিদগ্ধ একজন সেনা বাহিনীর সম্মিলিত সেনা হাসপাতালে মারা যান।
ঘটনার পর চার ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও বিমান বাহিনী বিমানের পাইলট এবং অন্য যাত্রীদের বিষয়ে কিছু জানায়নি। ঘটনাস্থলে ভিড় করেছেন উদ্বিগ্ন বাবা মায়েরা। অনেকেই এখনও সন্তানকে খুঁজে পাননি। সেনা, পুলিশ ও দমকল বাহিনীর ধারণা বিমানের নীচে আটকা পড়েছে বেশ কয়েকজন। তাঁদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শোক বার্তায় তিনি বলেছেন,
'রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।