দীর্ঘদিন বাংলাদেশে আটক থাকা ৪৭ ভারতীয় মৎস্যজীবী ও তিনটি নৌকা দেশে ফিরল। একইসঙ্গে ভারতও ফেরাল ৩২ বাংলাদেশি জেলে ও একটি নৌকা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 9 December 2025 20:50
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ভারত ও বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন দুই দেশের একদল মৎস্যজীবী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বদেশে ফিরতে পারলেন। দু'দেশের বিদেশ মন্ত্রকের মধ্যস্থতায় দু'পক্ষের কোস্টগার্ড বা উপকূল রক্ষী বাহিনী লাগাতার আলোচনা চালিয়ে জেলবন্দি মৎস্যজীবীদের স্বদেশ প্রত্যাবর্তন এর ব্যবস্থা করেছে। ভারতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ মঙ্গলবার এক পোস্টে এই খবর জানিয়েছেন।

এই সম্মিলিত উদ্যোগে আটকে থাকা ৪৭ জন ভারতীয় জেলে এবং তিনটি ভারতীয় মাছ ধরার নৌকা (IFB) দেশে ফিরল। বিদেশমন্ত্রক, রাজ্য সরকার এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের মিলিত চেষ্টায় ফিরে আসেন মৎস্যজীবীরা। প্রসঙ্গত বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমা (International Maritime Boundary Line – IMBL) বরাবর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবীদের ফেরানো হয়।
এই গোটা প্রক্রিয়া ছিল দুই দেশের মধ্যে পারস্পরিক মানবিক সহযোগিতার অংশ। ভারতও একই সময়ে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং একটি বাংলাদেশি মাছ ধরার নৌকা, যাদের ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ)-এ অবৈধভাবে মাছ ধরার জন্য আটক করা হয়েছিল, তাদেরও নিরাপদে ফেরত পাঠায়। ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ICGS Vijaya আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ BCGS Kamaruzzaman এবং Sadhin Bangla-র হাতে তাদের হস্তান্তর করে।

ফিরে আসা ভারতীয় মৎস্যজীবীদের এবং তিনটি IFB-কে ফ্রেজারগঞ্জে আনা হয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয় ICGS Frazerganj। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মৎস্যজীবী সম্প্রদায়ের মানবিক দিক, জীবিকার সুরক্ষা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে এই ধরনের বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইন্ডিয়ান কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত তিন মাসে বাংলাদেশের ৬টি নৌকা ভারতীয় সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক করা হয়েছে। গত এক বছরে ৩০০-র বেশি ভারতীয় নৌকা আন্তর্জাতিক সীমার কাছে চলে যায়। কোস্ট গার্ড তাদের নিরাপদে ভারতীয় সীমানায় ফিরিয়ে এনেছে।
Heartening to share: 🇧🇩38 fishermen and 🇮🇳47 fishermen simultaneously returned to homelands, released by #Bangladesh & #India authorities, following months' discussions betn @MEAIndia & @BDMOFA.#BayofBengal pic.twitter.com/ZUlrkkReZq
— Riaz Hamidullah (@hamidullah_riaz) December 9, 2025
যদিও কোস্ট গার্ড নিয়মিতভাবে Community Interaction Programme (CIP)-এর মাধ্যমে বিভিন্ন মৎস্যগ্রামে গিয়ে মৎস্যজীবীদের সতর্ক ও সচেতন করে, তবুও বহু নৌকা গভীর সমুদ্রপথ ব্যবহার করে অনিচ্ছাকৃতভাবে অথবা ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ফেলে। বৈধ নথি ছাড়া বিদেশি জলসীমায় প্রবেশ করা একটি গুরুতর আইনি অপরাধ, যার ফলে বেশ কিছু সমস্যা হয়। যেমন - মৎস্যজীবীদের দীর্ঘদিন আটক থাকতে হতে পারে, নৌকা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, মানসিক ও শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়, পরিবার আর্থিকভাবে চরম সংকটে পড়ে।
এই পরিস্থিতি রুখতে ইন্ডিয়ান কোস্ট গার্ড রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে, যেন স্থানীয় মৎস্যজীবী সমাজকে আইনি ঝুঁকি এবং আন্তর্জাতিক সীমা অতিক্রমের ফলাফল সম্পর্কে আরও জোরালোভাবে সচেতন করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়।
ইন্ডিয়ান কোস্ট গার্ড জানিয়েছে, “মৎস্যজীবীদের নিরাপত্তা আমাদের প্রথম দায়িত্ব। তারা যাতে ভারতের জলসীমা অতিক্রম করে বিদেশি জলসীমায় না যায় তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”