ওয়ার্ল্ড হেলথ ডে-তে বিশেষজ্ঞদের পরামর্শ, কফি ও অ্যালকোহলের মতো ছোট অভ্যাসই প্রভাব ফেলে অন্ত্রের স্বাস্থ্যে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়ন্ত্রিত জীবনযাপনে ভাল থাকবে হজমতন্ত্র।

কফি-অ্যালকোহল (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 7 April 2026 13:18
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড হেলথ ডে (World Health Day) এলেই স্বাস্থ্য নিয়ে বড় বড় বদলের কথা ওঠে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, অন্ত্রের স্বাস্থ্য (Gut Health) ঠিক রাখতে আসল লড়াইটা লুকিয়ে থাকে আমাদের রোজকার ছোট ছোট অভ্যাসে। কখন যে সেই অভ্যাসগুলো নিঃশব্দে হজমতন্ত্রে (Gastrointestinal Tract) প্রভাব ফেলছে, তা টেরও পাওয়া যায় না।
গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও হেপাটোলজিস্ট (Gastroenterologist & Hepatologist) ডা. সন্দীপ কুলকার্নি (Dr Sandeep Kulkarni) বলছেন, হজমতন্ত্র শুধু খাবার ভাঙার কাজই করে না, শরীরের সামগ্রিক সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ আধুনিক জীবনযাত্রা—অনিয়মিত খাওয়াদাওয়া (Irregular Meals), মানসিক চাপ (Stress), কম ঘুম (Poor Sleep)-এর উপর নির্ভরতা—এই সিস্টেমের উপর লাগাতার চাপ তৈরি করছে।
এই তালিকায় সবচেয়ে বড় ‘ভিলেন’ অ্যালকোহল (Alcohol)। ডা. কুলকার্নির কথায়, নিয়মিত মদ্যপান (Chronic Consumption) গ্যাস্ট্রাইটিস (Gastritis), লিভার সিরোসিস (Liver Cirrhosis) ও প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis)-এর মতো গুরুতর রোগের সঙ্গে সরাসরি যুক্ত, যা হজম ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে।
অন্যদিকে, নিরীহ অভ্যাস মনে হলেও কফি (Coffee)-ও বিপদ ডেকে আনতে পারে। অতিরিক্ত ক্যাফিন (Caffeine) অ্যাসিড রিফ্লাক্স (Acid Reflux) বাড়িয়ে দেয়, এমনকি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের (GERD) ঝুঁকিও তৈরি করে। এর ফলে অন্ত্রের চলাচল (Intestinal Peristalsis) ব্যাহত হয় এবং গ্যাস, পেটফাঁপা (Bloating) ও অস্বস্তি বাড়ে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, একক কোনও অভ্যাস নয়, আসল সমস্যা তৈরি হয় সামগ্রিক জীবনযাত্রার কারণে। অ্যালকোহল, অতিরিক্ত ক্যাফিন, অনিয়মিত খাওয়া, কম বিশ্রাম আর মানসিক চাপ—সব মিলিয়ে হজমতন্ত্রের উপর চাপ বাড়ায় এবং দীর্ঘমেয়াদে নানা সমস্যার ঝুঁকি তৈরি করে।
অন্ত্রের স্বাস্থ্য খুবই সংবেদনশীল। প্রতিদিনের এই ছোট ছোট অসতর্কতায় তা সহজেই ভারসাম্য হারায়, যার ফল অ্যাসিডিটি (Acidity), বদহজম (Indigestion) থেকে শুরু করে গুরুতর রোগ পর্যন্ত গড়াতে পারে।
এই ওয়ার্ল্ড হেলথ ডে-র বার্তা তাই একটাই—স্বাস্থ্য গড়ে ওঠে প্রতিদিনের অভ্যাসে। কফি কমানো, অ্যালকোহল নিয়ন্ত্রণে রাখা, নিয়ম করে খাওয়া আর পর্যাপ্ত বিশ্রাম—এই ছোট পদক্ষেপগুলোই হজমতন্ত্র ভাল রাখতে বড় ভূমিকা নেয়। কারণ, হজম ঠিক থাকলে শরীরও থাকে ঠিক।