হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা চরবৃত্তির অভিযোগে গ্রেফতার। মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিলেন তাঁর বাবা।

ইউটিউবার জ্যোতি মলহোত্রা ও তাঁর বাবা
শেষ আপডেট: 18 May 2025 10:23
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হিসারের ইউটিউবার জ্যোতি মলহোত্রা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সংবেদনশীল তথ্য আদান-প্রদান করতেন। তবে তাঁর বাবা হরিস মালহোত্রার দাবি, মেয়ে কেবল ইউটিউব ভিডিও তৈরির জন্য পাকিস্তান গিয়েছিল এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই ভিসা করে সীমান্ত পার হয়েছিল।
হরিস মালহোত্রা সংবাদ সংস্থা ANI-কে বলেন, “জ্যোতি বিভিন্ন জায়গায়, এমনকি পাকিস্তানেও ভিডিও শুট করতে যেত ইউটিউবের জন্য। দিল্লিতে গিয়ে ভিসা করেছিল। ওর কিছু বন্ধুও হয়তো রয়েছে ওখানে। যদি তাদের ফোন করে থাকে, তাতে দোষ কী?”
তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ, পাসপোর্ট এবং ব্যাঙ্কের কাগজপত্র সব নিয়ে নিয়েছে। আমি শুধু আমাদের ফোনগুলো ফেরত চাই। আমাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।” হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যোতি মলহোত্রা দীর্ঘদিন ধরেই পাকিস্তানি নাগরিক আহসান-উর-রহিম ওরফে ‘দানিশ’-এর সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ২০২৩ সালে দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। পরবর্তীকালে দু’বার পাকিস্তানে যান তিনি, যেখানে তাঁর থাকার ব্যবস্থা, যাতায়াত ও পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করেন আহসান-উর-রহিমের এক ঘনিষ্ঠ সহযোগী।
হিসার ডিএসপি কমলজিৎ জানান, “আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্যোতি মলহোত্রাকে সরকারি গোপনীয়তা আইন এবং ভারতীয় ফৌজদারি আইন (BNS 152)-এর ধারায় গ্রেফতার করেছি। তাঁর মোবাইল ও ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গিয়েছে। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।”
এই ঘটনায় পাকিস্তানি সংস্থার সঙ্গে ভারতের বেসরকারি নাগরিকদের যোগাযোগ নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের দাবি, ইউটিউব বা পর্যটনের আড়ালে বহু ক্ষেত্রেই সক্রিয় রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ—যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।