বাংলাদেশ থেকে স্থলপথে পোশাক, খাবার-সহ একাধিক পণ্যে নিষেধাজ্ঞা জারি করল ভারত। ইউনুসের মন্তব্যের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের।

কড়া পদক্ষেপ কেন্দ্রের
শেষ আপডেট: 18 May 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন বৈদেশিক বাণিজ্য দফতর (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বাংলাদেশ থেকে স্থলবন্দর পথে ভারতের অভ্যন্তরে নির্দিষ্ট কয়েকটি পণ্য প্রবেশ নিষিদ্ধ। এর ফলে বাংলাদেশের পোশাক, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের ভারতীয় বাজারে প্রবেশে বড় ধরনের ধাক্কা আসতে পারে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা ও সুতির পোশাক, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, রঞ্জক জাতীয় পণ্য বাংলাদেশের স্থলবন্দর পথে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেমন অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ককেন্দ্রসহ সংশ্লিষ্ট সীমান্ত এলাকা গুলোতে কার্যকর হবে।
তবে বাংলাদেশ থেকে আসা মাছ, এলপিজি এবং ভোজ্যতেলের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। এর আগেও ভারত তৃতীয় কোনও দেশে পণ্য পাঠানোর জন্য ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা বন্ধ করেছিল, যা রপ্তানিকারক সংস্থাগুলোর জন্য সমস্যার সৃষ্টি করেছিল। যদিও নেপাল ও ভুটানের ক্ষেত্রে কিছু শিথিলতা রেখেছে ভারত।
বাংলাদেশের পক্ষ থেকে এর জবাবে বলা হয়েছে, তারা ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিচ্ছে এবং ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ভারত সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশে ‘শিক্ষা’ হিসেবে দেখা হচ্ছে, যা সীমান্তবর্তী বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে রূপ নিচ্ছে।