সিকিমে তুষারপাতের ছবি
শেষ আপডেট: 22 November 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতেই সিকিমের বিস্তীর্ণ এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানাল মৌসম ভবন। ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সাফ জনিয়ে দেওয়া হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সিকিমের মঙ্গন, পেকিয়াং ও গ্যাংটকের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালেই পূর্ব সিকিমের একাধিক জায়গায় তুষারপাতের ছবি সামনে এসেছে। পুরু বরফের চাদরে ঢেকে যায় না থুলা-সহ একাধিক জায়গা। তুষারপাতের জেরে ইতিমধ্যে পারদ নামছে হু হু করে। মৌসম ভবনের পূর্বাভাস সত্যি হলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা করা হচ্ছে। তবে এই মুহূর্তে সিকিমে বেড়াতে গিয়ে আপ্লুত পর্যটকরা।
সোশ্যাল মিডিয়ায় পর্যটকদের বরফ নিয়ে উন্মাদনার ছবি সামনে এসেছে। মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে সিকিম যাত্রা পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে পুজোর মরসুম শেষ হতেই পাহাড়ে ভিড় বাড়ছে পর্যটকদের।
তবে তুষারপাতের খবরে একদিকে পর্যটকরা খুশি হলেও চরম আশঙ্কায় ভুগছে সিকিম প্রশাসন। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের কারণে যান চলাচল স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হয়েছে দার্জিলিঙও। বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। শীতের সাজে সেজে উঠেছে পাহাড়ের প্রকৃতি।