তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত এবং সারা দেশে একাধিক 'হাই প্রোফাইল' জায়গাকে নিশানা করে হামলার ছক কষছিল।

ধৃত শমা পারভিন
শেষ আপডেট: 30 July 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে হামলার ছক কষছিল আল-কায়েদা মডিউল (Al-Qaeda)। সেই চক্রান্তের মূল হোতাকে গ্রেফতার করল গুজরাত অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। বেঙ্গালুরু (Bengaluru) থেকে গ্রেফতার করা হয়েছে ৩০ বছরের শমা পারভিনকে। গোয়েন্দাদের দাবি, তিনিই ছিলেন জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকনটিনেন্ট (AQIS)-এর এই মডিউলের প্রধান সংগঠক এবং মূল সমন্বয়কারী।
এই গ্রেফতারের (Arrest) আগে গত ২৩ জুলাই AQIS-র সঙ্গে যুক্ত সন্দেহে চারজন যুবককে আটক করে এটিএস। ধৃতদের নাম মহম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি এবং মহম্মদ ফাইকের। গুজরাত, দিল্লি এবং নয়ডা থেকে একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের (Social Media App) মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত এবং সারা দেশে একাধিক 'হাই প্রোফাইল' জায়গাকে নিশানা করে হামলার ছক কষছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই জঙ্গি গোষ্ঠীর আন্তর্জাতিক যোগাযোগ ছিল এবং তারা বিদেশে থাকা হ্যান্ডলারের নির্দেশে কাজ করছিল। তাঁদের টার্গেট ছিল ভারতজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলা চালানো।
এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় উপমহাদেশে ফের নিজেদের প্রভাব বাড়াতে চাইছে আল-কায়েদা। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাঙ্কশন কমিটির পর্যবেক্ষণ সংস্থার ৩২তম রিপোর্ট অনুযায়ী, AQIS প্রধান ওসামা মাহমুদের নেতৃত্বে ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং কাশ্মীর উপত্যকায় কার্যক্রম ছড়ানোর পরিকল্পনা করছে।
আপাতত শমা পারভিনকে জেরা করে গোয়েন্দারা জানতে চাইছেন, AQIS-এর ভারতীয় শাখার আরও কারা সক্রিয় এবং কারা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তদন্তে উঠে আসা যে কোনও তথ্যকে গুরুত্ব দিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।