একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঙ্গীতা। পাশাপাশি নিয়মিত সঙ্গীতচর্চা করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন।

সঙ্গীতা চক্রবর্তী
শেষ আপডেট: 29 July 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে (Mumbai) গিয়ে রহস্যমৃত্যু (Death) চুঁচুড়ার যুবতীর (Chinsurah Woman)! কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিলেন সঙ্গীতা চক্রবর্তী (Sangeeta Chakraborty) নামের ওই যুবতী। তিনি কারবালার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা দেন। যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া।
স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানিয়েছেন, ‘‘সঙ্গীতা আমাদের পাড়ার মেয়ে। খুব ভালো গান গাইত। পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে ওর গান ছিল মূল আকর্ষণ। শুনেছি, মুম্বইয়ে আত্মীয়দের সঙ্গেই ছিলেন। তাঁরাই আমাদের মৃত্যুর খবর দেন।’’
পরিবার সূত্রে আরও জানা গেছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঙ্গীতা। পাশাপাশি নিয়মিত সঙ্গীতচর্চা করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। হঠাৎ তাঁর মৃত্যুতে হতবাক আত্মীয়-পরিজনেরা। মঙ্গলবার সকাল থেকেই মৃতার বাড়িতে যান স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, প্রতিবেশীরা।
তবে ঠিক কী ভাবে ওই তরুণীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। কোনও অপরাধমূলক ঘটনা জড়িয়ে আছে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কাউন্সিলর বলেন, ‘‘খুবই মর্মান্তিক ঘটনা। শুনেছি বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে। কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল, তার সঠিক তদন্ত হওয়া জরুরি। সবচেয়ে কষ্টের, মেয়েটির মা এখনও জানেন না যে তাঁর মেয়ে আর নেই।’’
মুম্বইয়ের সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ রাখছে হুগলি জেলা প্রশাসন। সঙ্গীতার দেহ ময়নাতদন্তের পর ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পরিবার।