খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্যুটকেস খুলতেই চমকে ওঠেন সকলে। উদ্ধার হয় এক তরুণীর পচাগলা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের পিলাখুয়াতে।
_1.jpg.webp)
ছবি- এআই
শেষ আপডেট: 31 May 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল থেকে ছড়িয়ে যাওয়া দুর্গন্ধে স্থানীয় বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার মত অবস্থা। সন্দেহ হওয়ায় জঙ্গলের ভিতরে যেতেই চোখে পড়ে একটি স্যুটকেস (Woman Body Found in Suitcase)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্যুটকেস খুলতেই চমকে ওঠেন সকলে। উদ্ধার হয় এক তরুণীর পচাগলা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের পিলাখুয়াতে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে দিল্লি-লখনউ হাইওয়ের পাশের জঙ্গলে স্যুটকেস পড়ে থাকতে দেখেন একাকারই কয়েকজন। গোটা এলাকা ছেয়ে গিয়েছে দুর্গন্ধে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ ঘটনাস্থলে এসে স্যুটকেসের ভিতর থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে (Woman Body Found in Suitcase)। মৃতার মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। দেহের বহু অংশ খুবলে খেয়েছে পোকামাকড়। প্রাথমিক অনুমান, অন্ততপক্ষে তিন চারদিন আগে তরুণীকে খুন করে জঙ্গলে দেহ ফেলে দেওয়া হয়েছে।
মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। খোঁজ চালাচ্ছে পুলিশ। খুনের আগে তরুণীকে যৌন হেনস্থা বা ধর্ষণ করা হয়েছে কিনা এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে।
পুলিশ আরও জানিয়েছে, মৃতদেহের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০-এর মধ্যে হবে। তাঁর পরনে ছিল গোলাপি রঙয়ের সালোয়ার এবং হলুদ ফ্লোরাল কুর্তি। হাতে, কোমরে এবং পায়ে কালো সুতো বাঁধা ছিল।
ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বে হাইওয়ে। সেখানে খুব একটা সিসিটিভি নেই। কাউকে স্যুটকেস নিয়ে আসতে দেখেছেন কিনা, জিজ্ঞাসাবাদ করা হবে স্থানীয়দের।
গত সপ্তাহেই বেঙ্গালুরুর পুরাতন চন্দ্রপুরা এলাকায় সুটকেস থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। মৃতার বয়স ১৮-র আশেপাশে হতে পারে বলেই অনুমান ছিল পুলিশের। পাশেই রেল স্টেশন হওয়ায় মনে করা হয়েছিল, তরুণীকে খুনের পর ট্রেনে করে এসে দেহ ফেলে দেওয়া হয়েছে।
গত এপ্রিল মাসেই বাগুইআটিতে নর্দমার ধারে পড়ে থাকা একটি পরিত্যক্ত সুটকেস থেকে যুবতীর দেহ (Woman Body Found in Suitcase) উদ্ধার হয়েছিল। তার আগেই মার্চ মাসে কুমোরটুলিতে সুটকেস থেকে প্রৌঢ়ার কাঁটা দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয়রাই দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছিল, সম্পত্তির লোভে পিসি শাশুড়িকে খুন করে। সুটকেসে ভরতে ধারাল অস্ত্র দিয়ে দেহ টুকরো করাও হয়েছিল। মধ্যমগ্রাম থেকে কুমোরটুলিতে এসে সেই দেহ লোপাটের চেষ্টা করেছিলেন মা-মেয়ে। তবে স্থানীয়দের সন্দেহের জেরে শেষপর্যন্ত ষড়যন্ত্র ভেস্তে যায়।