দিল্লিতে স্বামীর সামনেই গর্ভবতী মহিলাকে কুপিয়ে খুন করল প্রাক্তন প্রেমিক। পরে হাসপাতালে মৃত্যু হল হামলাকারীরও।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 19 October 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কুতুব রোডে এক গর্ভবতী মহিলাকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করল তার প্রাক্তন লিভ-ইন পার্টনার। মৃতার নাম শালিনী (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শালিনী তাঁর স্বামী আকাশের সঙ্গে ই-রিকশায় করে মায়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই তাদের পথ আটকে দাঁড়ায় শালিনীর প্রাক্তন সঙ্গী, আশু।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, প্রথমে আশু ছুরি হাতে আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ে। আকাশ কোনও রকমে সেই আক্রমণ এড়িয়ে যান। কিন্তু মুহূর্তের মধ্যেই সে ছুটে যায় শালিনীর দিকে, তখন ই-রিকশাতেই বসে ছিলেন। এর পরই এলোপাথাড়ি ছুরির কোপে শেষ করে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শালিনীর।
সেন্ট্রাল জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) নিধিন ভালসন জানান, আকাশকে মারতে ব্যর্থ হলে শালিনীর দিকে ঝাঁপিয়ে পড়ে আর কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ঘটনায় আশুও জখম হন। পরে শালিনীর ভাই ও স্থানীয় বাসিন্দারা তিনজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শালিনী ও আশুকে মৃত বলে ঘোষণা করেন। আকাশ বর্তমানে চিকিৎসাধীন।
পুরনো সম্পর্ক ও ত্রিকোণ প্রেমের জট
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে শালিনী ও আকাশের মধ্যে বনিবনা না হওয়ায় শালিনী কিছুদিন আশুর সঙ্গে লিভ-ইনে ছিলেন। পরে আবার আকাশের সঙ্গে মিটমাট করে দু’সন্তানকে নিয়ে সংসার শুরু করেন। কিন্তু এতে ক্ষুব্ধ ছিল সে। দাবি করে, শালিনীর গর্ভে থাকা সন্তানের পিতা সে-ই। যা মানছিলেন না যুবতী, এদিকে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে ক্রমাগত শালিনীর উপর মানসিক চাপ দিচ্ছিল বলে জানিয়েছেন তাঁর মা শীলা।
পুলিশ জানিয়েছে, আশু নবি করিম থানার তালিকাভুক্ত ‘ব্যাড ক্যারেক্টার’। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এমনকি আকাশের বিরুদ্ধেও তিনটি অপরাধমূলক মামলা নথিভুক্ত আছে।
ঘটনার পর মৃতার মা শীলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভারতীয় ন্যায় সংহিতার (ভারতীয় ন্যায় সংহিতা বা BNS) প্রাসঙ্গিক ধারায় নবি করিম থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।