লস্কর-ই-তইবার ডেপুটি চিফ সইফুল্লাহ কাসুরির ভিডিও বার্তায় নতুন করে চাঞ্চল্য। মোদীকে সরাসরি হুমকি দিয়ে সে দাবি করেছে, পাকিস্তান সরকার ও সেনার মদতে মুরিদকের ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ফের গড়ে তুলছে লস্কর।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 17 September 2025 23:28
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল লস্কর-ই-তইবা (LeT)-র ডেপুটি চিফ সইফুল্লাহ কাসুরির একটি ভিডিও। প্রায় দুই মিনিটের ওই ফুটেজে পাকিস্তান সরকারের পাশাপাশি সেনার মদতের দাবি করতে শোনা যাচ্ছে কাসুরিকে। তাঁর অভিযোগ, অপারেশন সিঁদুরে মুরিদকের সদর দফতর ধ্বংস হওয়ার পর পাকিস্তানের তরফে অর্থ দেওয়া হয়েছে নতুন লস্করের ঘাঁটি করে গড়ে তুলতে।
ভিডিওয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি হুমকি দিয়েছে কাসুরি। তার দাবি, ‘লস্করের মনোবল অটুট। শিগগিরই জম্মু-কাশ্মীরের নদী ও বাঁধ আমাদের হবে।’ ভিডিওতে আরও শোনা যায়, সংগঠনের জঙ্গিরা শহিদ হতে প্রস্তুত, তবে ভারতকে ফল ভোগ করতে হবে। লস্কর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে।
কাসুরি সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, চলতি ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, তার মূলচক্রী সে। পর্যটকপ্রিয় ওই এলাকায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই ঘটনার পরই ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
লস্করের এই নতুন ভিডিওটি প্রকাশ্যে এসেছে জইশ-ই-মহম্মদের এক কম্যান্ডারের বক্তব্যের পর। ওই ভিডিওয় দাবি করা হয়েছিল, ভারতীয় সেনা ৭ মে যে এয়ারস্ট্রাইক চালিয়েছে, তাতে মাসুদ আজহারের পরিবার কার্যত ধ্বংস হয়ে গেছে।
প্রসঙ্গত, জইশের ঘাঁটি পাকিস্তানের বাহাওয়ালপুরে হলেও লস্করের প্রধান ঘাঁটি দীর্ঘদিন ধরেই ছিল মুরিদকে। যা ধ্বংস হওয়ায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে তারা। এবার কাসুরির ভিডিও ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তানের মদতে ফের শক্তি সঞ্চয় করছে লস্কর।