খবর পেয়ে বাবার বাড়ি থেকে বাসে করে স্বামীর কাছে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা, ভাই। মায়ের কোলেই মারা যান ২৫ বছরের রীতা।

২৫ বছরের রীতা
শেষ আপডেট: 28 August 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: ‘তোমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলছি’ ফোনে এমন কথা শোনার পরই চরম মানসিক আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা। বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় এমন এক খবর শুনে রুগ্ন শরীরে এতটা ধাক্কা নিতে পারেননি তিনি (wife dies after second wife claim), প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদই জেলায়। খবরটি পাওয়ার পর পর বাবার বাড়ি থেকে বাসে করে স্বামীর কাছে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা এবং ভাই। মায়ের কোলেই মারা যান ২৫ বছরের রীতা (UP woman dies on bus)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মা ও ভাইয়ের সঙ্গে থাকছিলেন রীতা। মঙ্গলবার তিনি স্বামী শৈলেন্দ্রর মোবাইল থেকে একটি ফোন পান। ফোনের অপর প্রান্তে এক মহিলা নিজেকে তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন। এই অপ্রত্যাশিত দাবি শুনেই ভেঙে পড়েন রীতা।
পরিবার জানায়, ফোন পাওয়ার পরই মা ও ভাইকে নিয়ে রীতা দিল্লি থেকে বাসে রওনা দেন হারদইয়ের উদ্দেশে। কিন্তু পথে ক্রমেই শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বাসেই মায়ের কোলে হাউহাউ করে কাঁদতে কাঁদতে হঠাৎ জ্ঞান হারান রীতা। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটে আতারৌলি থানার অন্তর্গত ধিকুন্নি গ্রামের কাছে।
প্রসঙ্গত, শৈলেন্দ্রর সঙ্গে দুই বছর ছয় মাস আগে বিয়ে হয়েছিল রীতার। বিয়ের কিছুদিনের মধ্যেই যক্ষ্মায় আক্রান্ত হন তিনি এবং চিকিৎসার জন্য মায়ের কাছে চলে যান। পরে সুস্থ হয়ে স্বামীর কাছে ফিরে এলেও, সম্প্রতি বাবার মৃত্যুর পর ফের মায়ের কাছে ফিরে আসেন। স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছিল বলেও পরিবার সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনার পর রীতার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আতারৌলি থানার ইনচার্জ জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী তদন্ত এগোবে