তাঁর কথায়, "আরজি কর কাণ্ডে যদি পদত্যাগের দাবি ওঠে তাহলে পহেলগাম কাণ্ডে কেন অমিত শাহ এবং আইবি চিফের পদত্যাগের দাবি উঠবে না?

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 25 June 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: "আরজি কর কাণ্ডে (RG Kar Case) কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে বিজেপি-সিপিএমের যে মহানুত্মারা সরব হয়েছিলেন, পহেলগাম কাণ্ডে (Pahalgam case) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আইবি চিফ তপন ডেকার পদত্যাগের দাবি তাঁরা কেন করছেন না?"
বুধবার ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় দলের একটি কর্মসূচি থেকে এই প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee)।
অভিষেকের কথায়, "কাশ্মীরে পহেলগামে ২৬ জন পর্যটককে চারজন পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে হাতে একে ৪৭ নিয়ে এসে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল সরকারের কাছে সেই খবর নেই। তাহলে কার ব্যর্থতায় এই ঘটনা ঘটল? সীমান্তের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে?"
খানিক থেমে জবাবও দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, "আরজি কর কাণ্ডে যদি ব্যর্থতার প্রসঙ্গ ওঠে, যদি পদত্যাগের দাবি ওঠে তাহলে পহেলগাম কাণ্ডে কেন অমিত শাহ এবং আইবি চিফের পদত্যাগের দাবি উঠবে না? এই ব্যর্থতার দায় কার?"
ঘটনার পর এখনও চার জঙ্গিকে যেখানে ধরতে সরকারের সিস্টেম ব্য়র্থ সেখানে ঘটনার এক মাস পর কীসের ভিত্তিতে আইবি চিফের দায়িত্ব ৬ মাস বাড়ানো হল, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক।
একই সঙ্গে টেনে এনেছেন নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া ২৬ হাজার চাকরিহারাদের প্রসঙ্গও। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমান নগদ টাকা। বিচারপতির বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখানে যেতেই উদ্ধার হয় প্রচুর নগদ টাকা।
ওই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, "একজন বিচারপতি দুর্নীতিগ্রস্ত হলে কি সমগ্র বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়? তাহলে কয়েকজনের জন্য ২৬ হাজার লোকের মুখ থেকে অন্ন কেড়ে নেওয়া হবে কেন? একজন সাংসদ ভুল করলে সংসদ তুলে দেবেন, একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দেবেন, আমাদের ছোট করতে গিয়ে গরিব মানুষের পেটে লাথি মারছেন।"
মোদী-শাহকে আক্রমণ করে অভিষেক এও বলেন, "মানুষ চাইলে ১০ সেকেন্ড সময় লাগবে না আপনাদের দম্ভ চূর্ণ করতে।"