উত্তরপ্রদেশের নয়ডা থেকে ৫১ বছর বয়সি ওই প্রৌঢ়কে গ্রেফতার করে শনিবার আদালতে তোলা হবে।

ধৃত অশ্বিনী কুমার।
শেষ আপডেট: 6 September 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে গণপতি উৎসবের শেষ ও নবি দিবসের মুখে ভয়ঙ্কর সিরিয়াল বিস্ফোরণের গুজবের মূল কারিগরকে পাকড়াও করেছে পুলিশ। উত্তরপ্রদেশের নয়ডা থেকে ৫১ বছর বয়সি ওই প্রৌঢ়কে গ্রেফতার করে শনিবার আদালতে তোলা হবে। এই লোকটিই মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ হেল্প লাইন নম্বরে মুম্বইয়ে একের পর এক বিস্ফোরণের মেসেজ পাঠিয়েছিল বলে পুলিশের সন্দেহ। যার ফলে গত শুক্রবার শহরজুড়ে ব্যাপক খানাতল্লাশি ও পুলিশি প্রহরা বাড়িয়ে দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম অশ্বিনী কুমার। পাটনার পাটলিপুত্রের একজন স্বঘোষিত জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র জ্ঞানী বলে সে পরিচয় দিয়েছে। বৃদ্ধ বাবা-মাকে নিয়ে গত পাঁচবছর ধরে সে নয়ডার ৭৯ সেক্টরে বসবাস করে। অশ্বিনীর বাবা সুরেশ কুমার হলেন শিক্ষা দফতরের একজন অবসরপ্রাপ্ত কর্মী। মা প্রভাবতী হলেন গৃহবধূ।
পুলিশ জানিয়েছে, অশ্বিনী কুমার স্নাতকোত্তর পাশ। তাঁর প্রাক্তন স্ত্রীর নাম অর্চনা। বহুকাল ধরেই সে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আছে। ২০২৩ সালে অশ্বিনীর এক বন্ধু ফিরোজের অভিযোগের ভিত্তিতে তার তিনমাসের জেল হয়। পাটনার ফুলওয়াড়ি শরিফ থানায় ওই অভিযোগ করা হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, মুম্বইয়ের হানার ছকের হুমকি বার্তাটি অশ্বিনী তার বন্ধু ফিরোজের নামে ছেড়েছিল। যাতে তাকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে শাস্তি দেওয়া যায়।
অশ্বিনীর কাছ থেকে পুলিশ সাতটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, ছটি মেমরি কার্ড হোল্ডার, একটি এক্সটারনাল সিম স্লট, দুটি ডিজিটাল কার্ড এবং অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করে।
শুক্রবার একটি মেসেজে পুলিশকে জানানো হয়, ৩৪ জন ফিদায়েঁ বা আত্মঘাতী জঙ্গি, ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েছে মুম্বইয়ে। হোয়াটস অ্যাপে ট্রাফিক পুলিশের কাছে এই হুমকিবার্তা আসার পরেই শুক্রবার শিরদাঁড়া ঠান্ডা হয়ে যায় নগর প্রশাসনের। পুলিশ জানায়, বার্তায় বলা হয়েছে ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। এই কাজে ৩৪ গাড়ি ব্যবহার করা হয়েছে। মুম্বই বিস্ফোরণেরই ধাঁচে একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে শহর। শুধু শহরই নয়, এই ঘটনায় গোটা দেশ নড়েচড়ে বসবে।
হুমকিটি এসেছে লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে। বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ কেজি আরডিএক্স। যা এক কোটির বেশি মানুষকে নিমেষে খতম করতে সক্ষম। পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশে। কে বা কারা এই মেসেজ পাঠিয়েছে, তা খুঁটিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এর উৎস জানা যাবে। তারপরেই বিভিন্ন সূত্রে খোঁজ করে হদিশ মেলে অশ্বিনী কুমারের।