বিহার বিধানসভার ভোটের ফলে ফের একবার কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার পর কংগ্রেসের মূল নেতা রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে না।
.jpeg.webp)
অনেকেই তামাশা করে লিখেছেন, রাহুল বোধহয় বিদেশে চলে গিয়েছেন।
শেষ আপডেট: 14 November 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: দলের ভরাডুবি, মহাজোটের বিপর্যয়ের পরেও রাহুল গান্ধী কোথায়? বিহার বিধানসভার ভোটের ফলে ফের একবার কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার পর কংগ্রেসের মূল নেতা রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে না। শুক্রবার দুপুরের পর থেকেই নেট দুনিয়ায় এই প্রশ্ন নিয়েই তোলপাড় চলছে। এদিন সকালেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে একটি ট্যুইট করেন রাহুল। তারপর আর এ পর্যন্ত তাঁরা কোনও সাড়াশব্দ নেই। গেরুয়া শিবিরের অনেকেই তামাশা করে লিখেছেন, রাহুল বোধহয় বিদেশে চলে গিয়েছেন। আরেকজনের মন্তব্য রাহুল ফলাফলের অনেক আগে থেকেই জানতেন কী হবে, তাই চুপিচুপি তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন।
একটি গুজব ভেসে উঠেছে, রাহুলকে শেষবার তাঁর ভাগ্নি মিরায়ার (প্রিয়ঙ্কা গান্ধীর মেয়ে) সঙ্গে লন্ডনের হিথরো বিমানবন্দরে দেখা গিয়েছিল। কিন্তু, কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এবং রাগিণী নায়ক সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ওই ভাইরাল ভিডিটি গত সেপ্টেম্বর মাসের। কিন্তু, সত্যিই বিহারের ভোটফলের পর লোকসভার বিরোধী দলনেতা উধাও। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে, রাহুল গান্ধী কই!
গুজব যাই থাক, রাহুল গান্ধীর বিদেশে পাততাড়ি দেওয়ার কথা সত্যি নয় ঠিকই। কিন্তু, এটাও ঠিক সেনাবাহিনী যখন শত্রুর হাতে মার খাচ্ছে, তখন সেনাপতি নিখোঁজ। অগস্টে বিরোধী দলনেতা বিহার জুড়ে ভোটাধিকার যাত্রা করেছিলেন। সেটা শেষ হওয়ার প্রায় দুমাস তাঁকে আর ভোটের প্রচারে দেখা যায়নি। তেজস্বী যাদবের সঙ্গে গাঁটছড়া বাঁধা কংগ্রেসকে তেমনভাবে ময়দানেও কেউ দেখতে পায়নি। সাসারামে বিশাল জনসমাবেশের মাধ্যমে যাত্রা শুরু হলেও সেই সমর্থন ভোট মেশিনে কোনও প্রভাব ফেলেনি।
কারণ, এই রাজ্যে কংগ্রেসের ভিতই নড়বড়ে হয়ে গিয়েছে। ২৫টি জেলার ১১০টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রাপথ ছিল ১৩০০ কিমির। অথচ, এই যাত্রাপথের একটিতেও কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি। জোটধর্ম বজায় রেখে ৬১টি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস কড় গোনা কয়েকটি কেন্দ্রে এগিয়ে রয়েছে। ফলে, এককথায় এবারেও গান্ধী ম্যাজিক পুরোপুরি ব্যর্থ হয়েছে বিহারের মাটিতে। বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে রাহুলের কংগ্রেস একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে।