বিহারে বিজেপি-বিরোধী মহাজোটের বিপর্যয়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দলনেতা অখিলেশ যাদব সরাসরি ভারতের নির্বাচন কমিশন এবং SIR-কে দুষলেন।

তিনি লিখেছেন, বিহারে যে SIR-এর খেলা হয়েছে, তা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ কিংবা অন্য রাজ্যে আর সম্ভব হবে না।
শেষ আপডেট: 14 November 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: বিহারে বিজেপি-বিরোধী মহাজোটের বিপর্যয়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দলনেতা অখিলেশ যাদব সরাসরি ভারতের নির্বাচন কমিশন এবং SIR-কে দুষলেন। সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ শুক্রবার এক এক্সবার্তায় SIR ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, বিহারে যে SIR-এর খেলা হয়েছে, তা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ কিংবা অন্য রাজ্যে আর সম্ভব হবে না। কারণ, নির্বাচনী ষড়যন্ত্র মানুষের কাছে ফাঁস হয়ে গিয়েছে। এখন থেকে আমরা আর ওদের এই খেলা খেলতে দেব না। সিসিটিভির মতোই আমাদের পিপিটিভি অর্থাৎ পিডিএ প্রহরীরা বিজেপির মতলব ব্যর্থ করতে অতন্দ্র পাহারা দেবে। বিজেপি কোনও দল নয়, পুরোপুরি ছল।
সমাজবাদী পার্টির নেতার সুরেই কংগ্রেসের পবন খেরা ও অশোক গেহলটও স্পষ্টতই নির্বাচন কমিশনকে দুষেছেন এই ফলাফলের জন্য। কংগ্রেসের এমপি মানিকম ঠাকুর বলেন, ভোটের ঠিক আগেই বিহারে SIR করা হয়েছে। ৬০ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার মানে মোট ভোটারের ১০ শতাংশ বাদ গিয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই বিরোধী ভোটার। ভোটচুরি আরেকটি পন্থা হয়ে গিয়েছে SIR। এর জন্যই বিজেপি-জেডিইউ জিতেছে। গণতন্ত্রকে হত্যা করার জন্য এটা এখন বিজেপির নয়া অস্ত্র। নির্বাচন কমিশন বিক্রি হয়ে গিয়েছে। কমিশন এখন বিজেপির হয়ে কাজ করছে।
কংগ্রেসের এত খারাপ ফলের জন্য নির্বাচন কমিশনকেই দুষেছেন দলীয় নেতা পবন খেরাও। তিনি বলেন, এই লড়াই হয়েছে বিহারের মানুষের সঙ্গে কমিশনের। এখন দেখতেই পাচ্ছেন কে জিতেছে। আমি দলের কথা বলতে চাইছি না। আমি বলছি, এ লড়াই হয়েছে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিহারের জনতার। প্রবণতাই বলে দিচ্ছে, জ্ঞানেশ কুমার বিহারের মানুষকে হারিয়ে দিয়েছেন।
প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, মহিলা ভোটারদের ১০ হাজার টাকা দিয়ে ভোট জিতে নিয়েছে ওরা। আর তা দেখেও নীরব দর্শক হয়ে ছিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময়েও এটা আটকানো যেত। কিন্তু, কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কোনও ব্যবস্থা নেয়নি।