ধনকড়ের (Jagdeep Dhankar) পদত্যাগে উপ-রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট হবে। এনডিএ প্রার্থী করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে।

জগদীপ ধনকড়।
শেষ আপডেট: 25 August 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: উপ-রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) পদত্যাগ করেছেন মাসখানেক হয়ে গেল। অথচ পদত্যাগের পর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। কোনও অনুষ্ঠানে বা প্রকাশ্য সভায় দেখা যায়নি তাঁকে। সোশাল মিডিয়ায় প্রখর ও সক্রিয় ছিলেন তিনি। সেখানেও টুঁ শব্দ করছেন না। যা নিয়ে রাহুল গান্ধী টিপন্নি কেটে বলছেন, ‘ধনকড় নিরুদ্দেশ’। কটাক্ষ করছেন বাকি বিরোধীরাও। কেউ কেউ বলছেন, একদা চিনা ব্যবসায়ী তথা আলিবাবার মালিক জ্যাক মা যেরকম উধাও হয়ে গেছিলেন, ধনকড়েরও কি সেরকম কিছু হল!
সোমবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “ধনকড়জি সাংবিধানিক পদে বসে থাকাকালীন সংবিধান মেনে যথেষ্ট ভালো কাজ করেছেন। তিনি ব্যক্তিগত স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন। তাই এটিকে নিয়ে আর খোঁচানো উচিত নয়, অকারণে অন্য কিছু খোঁজার প্রয়োজন নেই।”
গত মাসে ধনকড় নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। চিকিৎসকদের পরামর্শে তিনি সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর দাবি। তবে এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল।
সূত্র মারফত শোনা যায়, রাজ্যসভায় বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ আনার জন্য ধনকড় কিছু বিরোধী নেতাকে উৎসাহিত করেছিলেন। কেন্দ্র চাইছিল নোটিশটি শুধুমাত্র লোকসভায় আনা হোক। এই ঘটনাই নানা প্রশ্ন তুলেছিল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত সপ্তাহে ধনকড়ের পদত্যাগ নিয়ে সরাসরি সরকারকে নিশানা করেন। তিনি বলেন, “হঠাৎ যিনি রাজ্যসভায় সোচ্চার ছিলেন, তিনি একেবারে চুপ হয়ে গেলেন। বড় কোনও কারণ না থাকলে এটা সম্ভব নয়। নিশ্চয়ই এর পিছনে বড় গল্প আছে।”
ধনকড়ের পদত্যাগে উপ-রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট হবে। এনডিএ প্রার্থী করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে। অন্যদিকে, বিরোধী শিবির থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি।