আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবি ঘিরে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে সরাসরি প্রশ্ন রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 19 July 2025 20:29
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবি ঘিরে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে সরাসরি প্রশ্ন রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি হোয়াইট হাউসে একটি নৈশভোজে ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষে ৫টি বিমান ধ্বংস হয়েছিল।” সেই দাবির প্রেক্ষিতে রাহুল এক্স-এ লেখেন, “মোদীজি, ৫টি যুদ্ধবিমানের সত্যিটা তাহলে কী? দেশের জানার অধিকার আছে।”
রাহুল গান্ধী পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বলছেন, “ভারত ও পাকিস্তান একে অপরকে আঘাত করছিল, যুদ্ধবিমান ধ্বংস হচ্ছিল। আমি মনে করি, চার বা পাঁচটি বিমান গুলি করে নামানো হয়েছিল। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু আমরা বাণিজ্য চুক্তির মাধ্যমে তার সমাধান করেছিলাম।”
ট্রাম্প যদিও স্পষ্ট করেননি কোন দেশের কতগুলি বিমান ধ্বংস হয়েছে বা তিনি ঠিক কোন সংঘর্ষের কথা বলছেন, তবুও তাঁর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ তীব্র কটাক্ষ করে বলেন, “পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দু’দিন আগে ফের ‘ট্রাম্প ক্ষেপণাস্ত্র’ আঘাত হানল, এ নিয়ে ২৪ বার।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী যিনি ‘হাউডি মোদী’ (২০১৯) ও ‘নমস্তে ট্রাম্প’ (২০২০) দিয়ে ট্রাম্পের সঙ্গে হৃদ্যতার বার্তা দিয়েছিলেন, এখন তাঁকেই স্পষ্ট ও নির্ভরযোগ্য বিবৃতি দিতে হবে পার্লামেন্টে।”
মে মাসের শুরুতে ভারত চালু করেছিল ‘অপারেশন সিঁদুর’— জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিশোধে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর আঘাত হানে ভারত।
এরপর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। ট্রাম্প তখন দাবি করেছিলেন, আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। যদিও ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের অনুরোধেই দুই দেশের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) পর্যায়ে আলোচনা করে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়।
পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। কিন্তু তারা কোনও প্রমাণ দেখাতে পারেনি। ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, “কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হলেও পাকিস্তানের দাবি যে রাফাল ধ্বংস হয়েছে, তা ডাহা মিথ্যে।” ফরাসি সংস্থা দাসোঁ-র সিইও এরিক ট্রাপিয়ে নিজেও পাকিস্তানের দাবি খণ্ডন করেছেন।