রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১। আর নতুন যে প্রজাতি ধরা পড়েছে তাতে সংক্রামিত ১৬৩ জন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 June 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: নতুন করে করোনা সংক্রমণ (Coronavirus) শুরু হওয়ার পর দেশে এখন তা প্রায় সাড়ে ৬ হাজার ছুঁইছুঁই। এটা নিয়ে তো চিন্তা রয়েছেই, আরও আতঙ্ক বাড়িয়ে কোভিডের নতুন প্রজাতির খবর। ইতিমধ্যেই নতুন এই ভ্যারিয়েন্টে (New Variant) একাধিকজন আক্রান্ত হয়েছেন দেশের একাধিক রাজ্যে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১। আর নতুন যে প্রজাতি ধরা পড়েছে তাতে সংক্রামিত ১৬৩ জন। আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা ৮৯, তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ১৬ জন, কেরলে ১৫ এবং গুজরাটে ১১ জন। পশ্চিমবঙ্গেও নতুন করোনো ভাইরাস প্রজাতির হদিশ মিলেছে। রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৬।
ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কোনসর্টিয়ম (INSACOG)-এর রিপোর্ট বলছে, ভারতে বর্তমানে যে কোভিড ভ্যারিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে তা হল - XFG প্রজাতি (XFG Variant)। যদিও তারা বলছে, এখনই মারাত্মক ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগেভাগে নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিপদ কাটতে পারে।
কী এই XFG ভ্যারিয়েন্ট?
XFG হল করোনার ওমিক্রন সাবভ্যারিয়েন্টের একটি রূপান্তরিত রূপ। প্রথমবার এটি ধরা পড়ে কানাডায়। গবেষণা পত্রিকা ল্যানসেট-এর একটি সমীক্ষায় বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টের উৎস LF.7 এবং LP.8.1.2 সাবলাইনের মধ্য থেকে, যা চারটি গুরুত্বপূর্ণ স্পাইক মিউটেশন বহন করে। এই বৈশিষ্ট্যগুলির জেরে XFG ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে যেতে পারে। এর অর্থ, খুব তাড়াতাড়ি শরীরকে কাবু করার ক্ষমতা রয়েছে এই করোনা প্রজাতির।
চিন্তা বাড়ছে, সতর্কতা জরুরি
ভারতে বর্ষা শুরু হতেই সংক্রমণের হালকা বাড়বাড়ন্ত নজরে এসেছে। ফলে স্বাস্থ্য দফতর এবং চিকিৎসক মহল থেকে আবারও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে টেস্ট করানো — এই পুরনো অভ্যাসগুলিতে ফিরতে পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যকর্মীদের অবশ্য বক্তব্য, বেশিরভাগ সংক্রমণই মৃদু প্রকৃতির এবং রোগীরা ঘরেই সেরে উঠছেন। তবে মাঝেমাঝে তার প্রকোপ বেড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।