বিপজ্জনক ছত্রাক 'Fusarium Graminearum'-এর পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় চিনা যুগল ইউনকিং জিয়ান (Yunqing Jian) এবং জুনিয়ং লিউ-কে (Zunyong Liu)। গবেষক-যুগল গত বছর যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে কাজ শুরু করেন।

বিপজ্জনক ছত্রাক পাচারের অভিযোগ
শেষ আপডেট: 9 June 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: 'করোনার (COVID-19) থেকেও ভয়ংকর হতে পারে!' চিনা যুগলের বিপজ্জনক ছত্রাক চোরাচালানের ঘটনা প্রকাশ্যে আসার পরই আশঙ্কা বিশেষজ্ঞর। পাঁচ বছর আগের অতিমারীর স্মৃতি এখনও টাটকা। এরইমধ্যে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে মার্কিন বিশেষজ্ঞর এই সতর্কবার্তা উদ্বেগ তৈরি করছে।
বিপজ্জনক ছত্রাক 'Fusarium Graminearum'-এর পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় চিনা যুগল ইউনকিং জিয়ান (Yunqing Jian) এবং জুনিয়ং লিউ-কে (Zunyong Liu)। গবেষক-যুগল গত বছর যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে কাজ শুরু করেন। তাঁরা ব্যাগে করে লুকিয়ে ছত্রাকটি নিয়ে এসেছিলেন, যা গম, যব, ভুট্টা ও ধান-সহ বিভিন্ন ফসল নষ্ট করতে সক্ষম। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানায়, ওই দম্পতি এমন একটি ছত্রাক আমদানি করেছেন, যা শুধু ফসল নয়, পশু ও মানুষের স্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করতে পারে।
এই ঘটনার পর আমেরিকার চিন বিষয়ক শীর্ষ বিশ্লেষক গর্ডন জি চ্যাং (Gordon G Chang) এক সংবাদ মাধ্যমে দাবি করেন, 'চিনের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একপ্রকার জৈব যুদ্ধ চালাচ্ছে। এটি যুদ্ধ ঘোষণার সমান।' তিনি আরও বলেন, 'আমরা যদি এখনই চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করি, তাহলে ভবিষ্যতে করোনা, ফেন্টানাইল ছাড়াও আরও ভয়ংকর বিপদ আমাদের উপর নেমে আসবে। যা হয়তো করোনার থেকেও ভয়ংকর হতে পারে (Something Worse Than Covid)। আমরা হয়তো প্রযুক্তিতে এগিয়ে, তবে নিজেদের রক্ষা করতে না পারলে সব শেষ হয়ে যাবে। এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।'
চ্যাং উল্লেখ করেন, '২০২০ সালে আমেরিকার ৫০টি রাজ্যে চিন থেকে অবাঞ্ছিত বীজ (China seeds that were unsolicited) পাঠানো হয়েছিল। এ বছরের শুরুতেও 'Timu' নামে এক চিনা অনলাইন সংস্থা যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত বীজ পাঠিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের কৃষিব্যবস্থায় ‘বিদেশি প্রজাতি’ ঢোকানোর চেষ্টা।'
দুই গবেষকের গ্রেফতারির পর এফবিআই প্রধান কাশ প্যাটেল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘একটি বিপজ্জনক বায়ো-প্যাথোজেন (ছত্রাক) আমেরিকায় পাচার করার অভিযোগে দুই চিনা নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই।’ তিনি দাবি করেছিলেন, 'জিয়ান চিনা কমিউনিস্ট পার্টির অনুগামী। চিনে এই ছত্রাক নিয়ে গবেষণার জন্য চিনা সরকারের পক্ষ থেকে মোটা আর্থিক সহায়তাও পেয়েছেন।' ‘এই ঘটনা বড় সতর্কবার্তা- চিনা কমিউনিস্ট পার্টি আমেরিকায় গোপনে গবেষক ও অপারেটিভ ঢোকাচ্ছে যারা খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য হুমকির সমান।’ তবে FBI সতর্ক রয়েছে বলেও নিশ্চিত করেছেন কাশ প্যাটেল।