লালকেল্লা থেকে মোদী বলেন, এই মিশনের মূল উদ্দেশ্য দেশের কৌশলগত, নাগরিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে সুরক্ষিত রাখা, পাশাপাশি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্রশস্ত্র দেশে তৈরি করা।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 15 August 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: ৭৯ তম স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে ‘সুদর্শন চক্র মিশন’ (Sudarshan Chakra Mission) শুরুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী এক দশকে এই মিশনের লক্ষ্য, স্থল, জল ও আকাশ - তিন ক্ষেত্রেই শত্রুকে দ্রুত শনাক্ত, প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আঘাত হানার ক্ষমতা তৈরি করা।
লালকেল্লা থেকে মোদী বলেন, এই মিশনের মূল উদ্দেশ্য দেশের কৌশলগত, নাগরিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে সুরক্ষিত রাখা, পাশাপাশি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্রশস্ত্র দেশে তৈরি করা। ইজরায়েলের ‘আয়রন ডোম’-এর আদলে, কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ঢাল গড়ে তোলাই এর লক্ষ্য। ২০১০ থেকে গাজা ও লেবানন সীমান্তে ইজরায়েলের এই প্রযুক্তি শত শত রকেট হামলা ঠেকিয়েছে এবং তার সফলতার হার ৯০ শতাংশেরও বেশি বলে দাবি তাঁর।
''শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে প্রেরণা নিয়ে আমরা এই জাতীয় সুরক্ষা ঢাল গড়ে তুলব। ২০৩৫ সালের মধ্যে এটিকে আরও বিস্তৃত, আধুনিক ও শক্তিশালী করে তোলা হবে।'' এমনটাই জানান প্রধানমন্ত্রী মোদী। তাঁর সংযোজন, গবেষণা ও উৎপাদন - সবটাই ভারতের মাটিতে হবে, ভারতীয় যুবসমাজের প্রতিভা কাজে লাগিয়ে। শুধু সন্ত্রাসী হামলা প্রতিহত নয়, প্রয়োজনে তাদের ঘাঁটি ধ্বংস করাই এই মিশনের লক্ষ্য।
লালকেল্লা থেকেই এদিন ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতা- দু’জনকেই একইভাবে দেখা হবে। ভবিষ্যতে কোনও বিপদ ঘটলে শাস্তির ধরন ঠিক করার ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে।”
উল্লেখযোগ্যভাবে, এ বছরই ছিল মোদীর দীর্ঘতম স্বাধীনতা দিবস ভাষণ, ১০৩ মিনিট (১ ঘণ্টা ৪৩ মিনিট), যা গত বছরের ৯৮ মিনিটের রেকর্ডকেও ছাড়িয়ে গেল।